জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিশ্বজুড়ে সচেতনতা তৈরিতে পদযাত্রা করছে পাপেট। বাস্তব আকৃতির এই পুতুলগুলো আফ্রিকা থেকে আর্কটিক অঞ্চল পর্যন্ত ২০ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে, যার মধ্যে পড়বে অন্তত ২০টি শহর, আয়োজন করবে নানা সাংস্কৃতিক পরিবেশনা ও জলবায়ুবিষয়ক আলোচনা। পাপেটগুলো মূলত জলবায়ু পরিবর্তনের কারণে বন্যপ্রাণীর বিলুপ্ত হওয়ার বিষয়টি তুলে ধরছে।

গত ১০ এপ্রিল কঙ্গোর কিনশাসা শহরের বোটানিক্যাল গার্ডেন থেকে ‘দ্য হার্ডস’ নামে পাবলিক আর্ট প্রজেক্টটি শুরু হয়েছে। এরপর নাইজেরিয়া, সেনেগাল ও পূর্ব ইউরোপ পেরিয়ে বর্তমানে পাপেটের দলটি লন্ডনে অবস্থান করছে।

বাঘ, হাতি, জেব্রা, বানর, জিরাফ ও বুনো গরুর আকৃতির পুতুলগুলো তৈরি করা হয়েছে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে। প্রথম দিকের সেগুলো দক্ষিণ আফ্রিকার কেপটাউনের তৈরি হলেও প্রতিটি শহরে স্থানীয়দের প্রশিক্ষণ দিয়ে নতুন পুতুল বানানো হচ্ছে। তাই প্রতিটি শহরে পৌঁছানোর পর পদযাত্রায় যুক্ত হচ্ছে নতুন নতুন পাপেট।

প্রকল্পটি আয়োজন করেছে দ্য ওয়াক প্রোডাকশনস। সিরীয় এক বাস্তুচ্যুত শিশুর পাপেট পযাত্রার মাধ্যমে এরই মধ্যে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে তারা। ওই প্রকল্পের নাম ছিল লিটল আমাল।

‘দ্য হার্ডস’ এর নেতৃত্বে রয়েছেন ফিলিস্তিনি নাট্যকার ও পরিচালক আমির নিজার জুয়াবি। তিনি বলেন, এই যাত্রা একটি আবেগনির্ভর প্রতিবাদ, যেখানে বৈজ্ঞানিক তথ্য নয়, মানুষের অনুভূতিই প্রধান অস্ত্র।

আমাল

সিরীয় শিশুর আদলে তৈরি দ্য আমল পাপেট

আমাল মূলত যুদ্ধবিধ্বস্ত শিশুদের কণ্ঠস্বর হয়ে ঘুরছে বিশ্বজুড়ে। ২০২১ সালের জুলাই থেকে শুরু করে আমাল এখন পর্যন্ত ১৭টি দেশের ১৬৬টি শহর ও গ্রামে সফর করেছে। রাস্তার পাশে দাঁড়িয়ে ২০ লাখেরও বেশি মানুষ তাকে স্বাগত জানিয়েছে, আর অনলাইনে তার বার্তা পৌঁছেছে কোটি কোটি দর্শকের কাছে। শরণার্থী শিশুদের দুর্দশার বার্তা পৌঁছে দিতে এরই মধ্যে ২৬ হাজার কিলোমিটার পদযাত্রা করেছে পাপেটটি।