দুটি পৃথক ঘটনায় অধিকৃত পশ্চিম তীর ও সিরিয়ার রাজধানী দামেস্কে সাতজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। কয়েক ঘণ্টার ব্যবধান ঘটনা দুটি ঘটে। খবর বিবিসি।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের কাছে গতকাল রোববার (৬ আগস্ট) তিনজন কথিত ফিলিস্তিনি জঙ্গিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

এক বিবৃতিতে সেনাবাহিনী বলছে, দলটি হামলা উদ্দেশে যাচ্ছিল এবং তাদের গাড়িতে একটি স্বয়ংক্রিয় রাইফেল পাওয়া গেছে।

এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, "যারা আমাদের ওপর আক্রমণ করতে চায় তাদের বিরুদ্ধে সব স্থান ও যেকোনো মুহূর্তে আমরা ব্যবস্থা নিতে থাকব।"

জেনিনের শরণার্থী শিবির গত মাসে ইসরায়েলের বড় ধরনের সামরিক অভিযানের লক্ষ্যবস্তু ছিল।

তেল আবিবে এক ফিলিস্তিনি বন্দুকধারী ইসরায়েলি নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যার পরদিন এই হামলার ঘটনা ঘটল। ওই ফিলিস্তিনিকে আরেক রক্ষী গুলি করে হত্যা করে।

এর আগে গত ৪ আগস্ট সশস্ত্র ইহুদি বসতিকারীরা একটি ফিলিস্তিনি গ্রামে আক্রমণ করে। সেখানে এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করা হয়।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো রোববারের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, রোববার রাতভর ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় চার সেনা নিহত ও চারজন আহত হয়েছে।

সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা সানা বলেছে, হামলায় রাজধানী দামেস্কের কাছে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্রের দাবি, কয়েকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে।

তবে হামলার বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। তারা প্রায়শই ইরান-সমর্থিত সশস্ত্র দলের সঙ্গে যুক্ত সিরিয়ার সামরিক স্থাপনায় হামলা করে।

দামেস্কের আশপাশের আকাশে উজ্জ্বল ঝলকানি দেখা যাচ্ছে এমন ফুটেজও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে।

গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের বিরুদ্ধে দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলায় চার বেসামরিক ও একজন সৈন্যকে হত্যার অভিযোগ আনা হয়। তবে ইসরায়েলি সামরিক বাহিনী খুব কমই নির্দিষ্ট কোনো হামলার কথা স্বীকার করে।