চরম তাপমাত্রা দেখার পর বৃষ্টির প্রবল রূপ দেখল গ্রিস। ঘূর্ণিঝড় ইলিয়াসের প্রকোপে একদিনেই কয়েক মাসের সমান বৃষ্টিপাত হয়েছে। এর আগে গেল সপ্তাহে দক্ষিণ ইউরোপের দেশটিতে ড্যানিয়েল নামের ঝড়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। খবর সিএনএন।

টানা একদিনের ভারি বর্ষণে গ্রিসের উত্তর থেসালি অঞ্চলসহ বেশ কয়েকটি অঞ্চলে রাস্তাঘাট তলিয়ে গেছে। কয়েকটি অঞ্চলের স্কুল ছুটির ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের নির্দেশে রাষ্ট্রীয় জরুরি পরিষেবা বিভাগ ও সামরিক বাহিনী একযোগে কাজ করছে।

গত ২৬ সেপ্টেম্বর আবহাওয়া অবনতি হলে প্রায় ৩ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে জানান গ্রিক ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা।

ইউরোপিয়ান সিভিয়ার ওয়েদার ডেটাবেজের (ইএসডব্লিউডি) ভাষ্যমতে গত ২৭ সেপ্টেম্বর দেশটিতে গত দুইদিনে বৃষ্টির পরিমাণ ছিল গত কয়েক মাসের সমান।

আবহাওয়া অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত দেশটির বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিসহ ভারি বর্ষণ হবে বলে পূর্বাভাস দিয়েছিল।

ইএসডব্লিউডি ও ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের মতে, ইলিয়াসের প্রভাবে ভোলোসে ১৪ ঘণ্টা সময়ে ২৯৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা শহরটির সেপ্টেম্বরের গড় থেকে আট গুণেরও বেশি।

গ্রিসের অন্যান্য শহরেও ভারী বৃষ্টিপাত হয়েছে। লিমনিতে ৭ ঘণ্টায় ২১৬ মিমি ও ইস্তিয়ায় সাড়ে ৩ ঘণ্টায় ১৪৯ মিমি হয়েছে।

চলতি মাসে ভয়াবহ বন্যায় আক্রান্ত হওয়া অন্তত ১০টি দেশ ও অঞ্চলের মধ্যে গ্রিস অন্যতম। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে এ ধরনের চরম আবহাওয়ার ঘটনাগুলো জলবায়ু সংকটের সঙ্গে যুক্ত। যা সারা বিশ্বকে প্রভাবিত করে। ক্রমবর্ধমান এ চরম অবস্থা সাধারণ ঘটনায় পরিণত হতে পারে।