দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর
হয়ে লড়াই করা এক সেনাকে কানাডার পার্লামেন্টে সম্মান জানানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন দেশটির
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর বিবিসি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির
জেলেনস্কি গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) কানাডার পার্লামেন্টে বক্তব্য রাখেন। তার বক্তব্যের
পর সাবেক ওই সেনাকে সম্মান জানানো হয়েছিল। এ সময় দাঁড়িয়ে হাততালি দেন সংসদ সদস্যরা।
পরে জানা যায়, ইয়ারোস্লাভ হানকা
নামের ৯৮ বছর বয়সী সেই ইউক্রেনীয় সেনা প্রকৃতপক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি
বাহিনীর হয়ে লড়াই করেছিলেন। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে বিতর্ক তৈরি হয়। সমালোচনার
মুখে কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের স্পিকার অ্যান্থনি রোটা পদত্যাগ
করেন।
স্থানীয় সময় গতকাল বুধবার (২৭
সেপ্টেম্বর) বিকালে পার্লামেন্টে দেয়া বক্তব্যে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান
জাস্টিন ট্রুডো। হাউস অব কমনসে দাঁড়িয়ে তিনি বলেন, ‘এই চেম্বারে যারা উপস্থিত ছিলেন
তাদের পক্ষ থেকে, শুক্রবারের ঘটনার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এটি এমন একটি
ভুল যা পার্লামেন্ট ও কানাডাকে গভীরভাবে বিব্রত করেছে।’
ওই ঘটনাকে ‘ভয়ানক ভুল’ হিসেবেও
আখ্যায়িত করেন জাস্টিন ট্রুডো। হাউজ অব কমন্সের পদত্যাগী স্পিকার অ্যান্থনি রোটাও জানিয়েছেন,
ওই ইউক্রেনীয় সেনার নাৎসি–সংশ্লিষ্টতার
কথা তার জানা ছিল না।










