সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় নিজ নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সামরিক সংঘাতের আশঙ্কায় সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তেহরানে নিযুক্ত ভারতীয় দূতাবাস এ আহ্বান জানায়।
পোস্টে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস বলেছে, ‘ইরানের পরিবর্তনশীল পরিস্থিতিতে বর্তমানে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনও পরিবহন ব্যবস্থা ব্যবহার করে ইরান ত্যাগ করার পরামর্শ দেয়া হচ্ছে।’
বিবৃতিতে বলা হয়েছে, ইরানে অবস্থানরত ভারতীয় সব শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের জন্য ওই পরামর্শ প্রযোজ্য। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানে অবস্থানরত ভারতীয়দের গত ১৪ জানুয়ারির জারি করা নির্দেশনা পুনরায় মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। নির্দেশনায় সব ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে (পিআইও) সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, বিক্ষোভ বা প্রতিবাদ-সমাবেশের এলাকা এড়িয়ে চলা, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং যেকোনও পরিস্থিতির বিষয়ে স্থানীয় গণমাধ্যমে নজর রাখার পরামর্শ দেয়া হয়েছে।










