দাপ্তরিক কাজে আইফোনসহ বিদেশী ব্র্যান্ডের ডিভাইসের
ব্যবহার ত্যাগের নির্দেশ পেয়েছেন চীনের সরকারি কর্মকর্তারা। ‘সাইবার নিরাপত্তা’ উদ্বেগের
কারণে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম বিষয়টি
সামনে আনে। খবর আনাদোলু।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বরাত
দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, সাম্প্রতিক সপ্তাহে কর্মক্ষেত্রে কর্মকর্তাদের বিদেশী
ডিভাইস ব্যবহার না করার নির্দেশ দেয়া হয়েছে। বিদেশী প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে,
সাইবার নিরাপত্তা বাড়াতে ও চীনের সীমানা জুড়ে সংবেদনশীল ডেটা প্রবাহকে সীমিত করার
বেইজিংয়ের চলমান প্রচেষ্টার অংশ এটি।
বার্তা সংস্থার তরফে বলা হয়, প্রতিবেদনটি
স্বাধীনভাবে যাচাই করা যায়নি। চীন বা আইফোন কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক
কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চীন থেকে আসে অ্যাপলের আয়ের ১৯ শতাংশ।
যুক্তরাষ্ট্রের পর টেক জায়ান্টটির দ্বিতীয় বৃহত্তম বাজার এটি। এর আগে যুক্তরাষ্ট্রের
ফেডারেল ও বিভিন্ন রাজ্যে চীনের মোবাইল ডিভাইস ও অ্যাপ নিষিদ্ধ করা হয়। এর মধ্যে রয়েছে
জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড হুয়াওয়ে ও ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক। এবার চীনের পক্ষ
থেকে অনুরূপ ঘোষণা এল।
এদিকে গত মাসে ডিভাইস ব্যবহারে কর্মীদের
ওপর নতুন নিষেধাজ্ঞা দেয় রাশিয়ার ডিজিটাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয়। এক নির্দেশনায় বলা
হয়, দাপ্তরিক কাজে তারা আইফোন ও আইপ্যাড ব্যবহার করতে পারবেন না।
এর দুই মাস আগে রাশিয়ার প্রধান অভ্যন্তরীণ
নিরাপত্তা সংস্থা এফএসবি দাবি করেছিল, যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে অভিযানের
ফলে হাজার হাজার অ্যাপল ডিভাইস বন্ধ করা হয়েছে।










