ইসরায়েলি চারজন জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। এরপর ইসরায়েল তাদের কারাগারে থাকা ৪৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। পাঁচ সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতি ভঙ্গ হওয়ার পর নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা যখন দেখা দিয়েছিল তখন এই বিনিময় চুক্তি পুনরায় কার্যকর হয়েছে। খবর দ্য গার্ডিয়ান।
স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে দক্ষিণ গাজায় রেড ক্রসের কাছে জিম্মিদের মরদেহ হস্তান্তর করা হয় এবং সেগুলো কেরেম শালোম সীমান্ত পয়েন্টে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, ফিলিস্তিনি বন্দিদের বহনকারী একটি বাসের কনভয় পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছায়।
ইসরায়েলি পত্রিকা হারেৎজ জানায়, ওফের কারাগারে বন্দি থাকা ৪৩ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়ে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা বাস থেকে নামার পর শত শত মানুষের উল্লাসধ্বনি শোনা যায়। মুক্তি পাওয়া কয়েকজনকে কাঁধে তুলে নেয় জনতা।
বুধবার পর্যন্ত স্পষ্ট ছিল না ঠিক কতজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হয়েছে এবং শনিবার নির্ধারিত বিনিময়ের আওতায় থাকা ৬০২ জন বন্দির সবাইকে মুক্তি দেয়া হবে কি না।
শনিবার নির্ধারিত সময় অনুযায়ী হামাস ছয়জন জীবিত ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করেছিল। কিন্তু ওই সময় ফিলিস্তিনি বন্দিদের মুক্তির জন্য বাসে অপেক্ষমাণ রাখা হলেও শেষ মুহূর্তে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সিদ্ধান্ত বদল করে এবং তাদের আবার কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।










