ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর দুইজন উত্তরসূরি নিহত হয়েছেন। লেবাননে ইসরায়েলি বাহিনী চতুর্থ সেনা ডিভিশন মোতায়েন করেছে বলেও জানান তিনি। খবর রয়টার্স।
নেতানিয়াহু গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) তার কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিও লেবাননবাসীর উদ্দেশে ভাষণ দেন। সেখানে তিনি বলেন, আমরা হিজবুল্লাহর সক্ষমতাকে অনেকাংশে ধ্বংস করেছি। আমরা হাজার হাজার সন্ত্রাসীকে নির্মূল করেছি, যার মধ্যে (হাসান) নাসরাল্লাহ ও নাসরাল্লাহর উত্তরসূরি এবং তার উত্তরসূরিরও উত্তরসূরি রয়েছে।
তবে হাসান নাসরাল্লাহর কোনো উত্তরসূরির নাম উল্লেখ করেননি নেতানিয়াহু। তিনি বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার হিজবুল্লাহ অনেক বেশি দুর্বল হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাসেম সাফিয়েদ্দিন সম্ভবত নিহত হয়েছেন। তবে নেতানিয়াহু কাকে ‘উত্তরসূরিরও উত্তরসূরি’ বলেছেন, তা স্পষ্ট নয়।
পরে ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, যুদ্ধবিমানগুলো যখন হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে বোমা ফেলে, সাফিয়েদ্দিন তখন সেখানেই ছিলেন। সাফিয়েদ্দিনের অবস্থা পরীক্ষাধীন রয়েছে এবং আমরা তথ্য পেলে জনসাধারণকে জানাব।
সেই বিমান হামলার পর থেকে সাফিয়েদ্দিনকে প্রকাশ্যে দেখা যায়নি।
ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে ভূগর্ভস্থ হিজবুল্লাহ স্থাপনাগুলোতে বিমান হামলায় অন্তত ৫০ জন যোদ্ধা নিহত হয়েছেন, যার মধ্যে ছয় জন সেক্টর কমান্ডার এবং আঞ্চলিক কর্মকর্তা ছিলেন।










