পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের সরকার নতুন করে
জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এতে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত
দেশটির ইতিহাসে প্রথমবারের মতো জ্বালানির দাম ৩০০ রুপি অতিক্রম করল।
ডনের এক প্রতিবেদনে
বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে নতুন মূল্য ঘোষিত হয়। এতে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম বেড়েছে যথাক্রমে ১৪ দশমিক ৯১
রুপি ও ১৮ দশমিক ৪৪ রুপি।
এছাড়া পেট্রোলিয়াম শুল্ক প্রতি লিটারে ৫ রুপি বেড়েছে।
আগের
৫৫ রুপির বদলে এখন দিতে হবে ৬০ রুপি।
বলা হচ্ছে, রুপির অবমূল্যায়ন ও বিশ্বব্যাপী জ্বালানি তেলের ক্রমবর্ধমান দামের
কারণে ১৫ দিনের মধ্যে দ্বিতীয় দফা দাম বাড়িয়েছে। এ হিসেবে দুই সপ্তাহে পেট্রোল
ও ডিজেলে সম্মিলিত বৃদ্ধি যথাক্রমে ৩১ দশমিক ৪১ রুপি ও ৩৮ দশমিক
৪৪ রুপি।
তত্ত্বাবধায়ক
প্রধানমন্ত্রীর অনুমোদনের পর গতকাল গভীর
রাতে নতুন দাম ঘোষণা করে অর্থ মন্ত্রণালয়। এক বিবৃতিতে
বলা হয়, আন্তর্জাতিক বাজারে
পেট্রোলিয়ামের দামের ক্রমবর্ধমান প্রবণতা ও বিনিময় হারের তারতম্যের কারণে সরকার পেট্রোলিয়াম পণ্যের বিদ্যমান ভোক্তা মূল্য সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে।
এ হিসেবে বর্তমানে দেশটিতে ডিজেলের
দাম বেড়ে দাঁড়িয়েছে ৩১১ দশমিক ৮৪ রুপি।
বেশিরভাগ ভারী পরিবহন যানবাহন, ট্রেন, ট্রাক, বাস, ট্রাক্টরসহ নলকূপ ও অন্যান্য
ইঞ্জিন চলে ডিজেলে। এ কারণে আরেক দফা বাড়তে পারে শাকসবজি ও অন্যান্য খাদ্যদ্রব্যের দাম।
একইভাবে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৩০৫
দশমিক ৩৬ রুপি। যার প্রভাব পড়বে ব্যক্তিগত
পরিবহন ও ছোট যানবাহনে। যা সরাসরি মধ্যবিত্ত ও
নিম্ন-মধ্যবিত্তদের প্রভাবিত করবে।
তবে কেরোসিন ও লাইট ডিজেলের দামে কোনো পরিবর্তন আসেনি।










