ইউক্রেনে যুদ্ধ চলা অবস্থায় রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করলে চড়া ‘মূল্য’ দিতে হবে বলে উত্তর কোরিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভ্যান স্থানীয় সময় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে এ বিষয়ে রাশিয়া-উ. কোরিয়ার আলোচনা সক্রিয়ভাবেই এগোচ্ছে। খবর রয়টার্স।

গণমাধ্যমটি বলছে, চলতি মাসেই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন রাশিয়া সফরে যেতে পারেন বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা দপ্তর। তারই জেরে উত্তর কোরিয়াকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজের এই শীর্ষ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, একটি আধুনিক সার্বভৌম রাষ্ট্রের অঞ্চল জয় করার চেষ্টা, শস্যের গুদাম এবং প্রধান শহরে হামলা, যুদ্ধক্ষেত্রে ব্যবহারে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করা একদমই ঠিক হবে না। বিষয়টি উ. কোরিয়ার জন্য ভালোভাবে দেখা হবে না। এর জন্য তাদের মূল্য দিতে হবে।’

তবে যুক্তরাষ্ট্রের দাবিটি অস্বীকার করেছে ক্রেমলিন।  জানিয়েছে, ‘মার্কিন কর্মকর্তাদের বিবৃতি সম্পর্কে তাদের কিছু বলার  নেই।