২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে ফলাফলে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (০১ আগস্ট)  ওয়াশিংটন ডিসিতে ৪৫ পাতার  অভিযোগপত্রটি দাখিল করা হয়। এ নিয়ে তৃতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন তিনি। খবর বিবিসি।

গণমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষে ট্রাম্পের বিরুদ্ধে এ তদন্তের নেতৃত্ব দিচ্ছেন বিশেষ আইনজীবী জ্যাক স্মিথ।  ট্রাম্পের বিরুদ্ধে মোট চারটি অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা, স্বাক্ষীকে হেনস্তা এবং রাষ্ট্রের জনগণের অধিকারের বিরুদ্ধে প্রতারণা করার অভিযোগ। তবে ৭৭ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ধরনের অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছেন।

৪৫ পৃষ্ঠার অভিযোগপত্রে ট্রাম্প ছাড়াও ৬ জন অজ্ঞাত ষড়যন্ত্রকারীকে অভিযুক্ত করা হয়েছে। যারমধ্যে চারজন হলেন আইনজীবী, একজন বিচার বিভাগের কর্মকর্তা এবং অপরজন একজন রাজনৈতিক পরামর্শক। অভিযোগপত্রে অভিযোগ করা হয়েছে ট্রাম্প ক্ষতিসাধনের ষড়যন্ত্র, অসাধু উপায়ে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন।

এতে আরো বলা হয়েছে, তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের দ্বারা জো বাইডেনকে প্রেসিডেন্টে হিসেবে কংগ্রেসের স্বীকৃতি আটকাতে ব্যর্থ হন ট্রাম্প। তা সত্ত্বেও  দাঙ্গা-হাঙ্গামার মাধ্যমে তিনি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন।