সংযুক্ত আরব আমিরাতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) গাড়িচালকদের জন্য একটি সতর্কতা জারি করেছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া বিভাগ এ রেড অ্যালার্ট জারি করেছে।

আবুধাবি পুলিশ এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে চালকদের গতি নিয়ন্ত্রণে রাখতে ও ইলেকট্রনিক তথ্য বোর্ডে প্রদর্শিত পরিবর্তনশীল গতি সীমা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় গাড়িচালকদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে উপকূলীয় ও অভ্যন্তরীণ কিছু অঞ্চলে সকাল ৯টা পর্যন্ত পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

এনসিএম জানিয়েছে, সপ্তাহের শেষে আবহাওয়া আরো শীতল হতে পারে। শনিবার রাতের দিকে উপকূলীয় ও উত্তরাঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তাপমাত্রা কমলেও পাহাড়ি এলাকায় পারদ ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং অভ্যন্তরীণ অঞ্চলে ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

শনিবার রাত ও রোববার সকালে কিছু এলাকায় কুয়াশা পড়তে পারে। উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম দিক থেকে হালকা থেকে মাঝারি বাতাস প্রবাহিত হবে, যার গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

সমুদ্র পরিস্থিতি সম্পর্কে আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরব উপসাগরে মাঝারি থেকে উত্তাল এবং ওমান সাগরে সামান্য উত্তাল থাকতে পারে। খবর বাসস।