রাশিয়ার চলমান আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। নতুন এসব ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৩০০ কিলোমিটার পর্যন্ত। মার্কিন কর্মকর্তাদের বরাতে এমন খবর প্রকাশ করেছে মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম। খবর বিবিসি।

প্রতিবেদনে জানানো হয়েছে, সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাবে ইউক্রেন। এ ধরনের ক্ষেপণাস্ত্র যুদ্ধের ফ্রন্ট লাইনের অনেক গভীরে রাশিয়ান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ইউক্রেনকে সক্ষমতা দেবে।

এদিকে ইউক্রেনকে উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয়ার কথা এমন সময় সামনে এল, যখন রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবাহিনীর সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। হামলার পর সেখানে আগুন ধরে যায় ও ৯ জন নিহত হয়।

সম্প্রতি হোয়াইট হাউজে বৈঠক করেছেন জো বাইডেন ও ভলোদিমির জেলেনস্কি। সেখানেই অস্ত্র পাঠানোর কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র কয়েক সপ্তাহের মধ্যেই পাঠানো হবে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। 

যদিও যুক্তরাষ্ট্র বা ইউক্রেন কেউই আনুষ্ঠানিকভাবে মার্কিন সংবাদমাধ্যমের এসব প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেনি।

বিবিসি জানিয়েছে, বাইডেন-জেলেনস্কি আলোচনার পর ওয়াশিংটন ইউক্রেনের জন্য আর্টিলারি ও গোলাবারুদসহ ৩২৫ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তার নতুন প্যাকেজ ঘোষণা করেছে।