ভারতে নির্মাণাধীন একটি রেল সেতু ভেঙে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অনেকে ঘটনাস্থলে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয় সময় বুধবার (২৩ আগস্ট) ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে একটি নির্মাণাধীন রেলওয়ে সেতু ধসে প্রাণহানির এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর  ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে ঘটনা স্থলে এখনো অনেকেই আটকা পড়ে আছেন। সেতু ধসের সময় সেখানে প্রায় ৩৫-৪০ জন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন বলে কর্মকর্তারা জানান। মিজোরামের আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতের প্রত্যেককে ২ লাখ ও আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। 

মিজোরামের মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করে বলেন, ‘এ ট্র্যাজেডিতে আমি গভীরভাবে শোকাহত এবং ব্যথিত। আমি শোকাহত সকল পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। উদ্ধার অভিযানে সাহায্য করার জন্য যারা বেরিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’ যারা উদ্ধার কাজে নিয়োজিত আছেন তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।  এই ঘটনায় এখনও পর্যন্ত আহতের সংখ্যা স্পষ্টভাবে জানা যায়নি।