লিবিয়ায় সুনামি মতো আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১০ হাজার মানুষ। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

অবশ্য বন্যায় বিপর্যস্ত দেরনার একজন সিনিয়র চিকিৎসক জানান, মৃতের সংখ্যা দুই হাজারের ওপরে। আফ্রিকার দেশটির পূবাঞ্চলে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও বন্যায় দেরনার প্রায় এক-চতুর্থাংশের মতো এলাকা নিশ্চিহ্ন হয়ে গেছে ।

ধ্বংসপ্রাপ্ত এলাকা ঘুরে এসে রয়টার্সের প্রতিনিধিরা জানান, ওই এলাকার ভবনগুলো পানিতে ভেসে গেছে।

ওয়াহদা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আল-কাবিসি বলেছেন, শহরের দুটি জেলার একটিতে এক হাজার ৭০০ জন ও অন্যটিতে ৫০০ জন মারা গেছেন।

হাসপাতালের করিডোরে অনেক লাশ পড়ে থাকতে দেখেছেন বলে জানান তারা।

দেরনার দক্ষিণে দুটি বাঁধ ধসে বন্যার সৃষ্টি হয়েছে। এতে তিনটি সেতু ধ্বংস হয়ে গেছে। প্রবাহিত পানি আশপাশের সব এলাকা থেকে ধ্বংসাবশেষ সমুদ্রে নিয়ে গেছে।

আল-বায়দা, দেরনা, আল-মারজ, তোবরুক, টেকনিস, আল-বায়দা, বাত্তাহ, আল-জাবাল আল-আখদার এবং পূর্বাঞ্চলীয় সমস্ত শহর ও গ্রাম নজিরবিহীনভাবে প্লাবিত হয়েছে। বেনগাজি পর্যন্ত উপকূলের সব পথ আক্রান্ত হয়েছে।