উত্তর-পশ্চিমের হেরাত প্রদেশ ও সংলগ্ন এলাকায় কিছুদিন আগের ভূমিকম্পের
ক্ষয়ক্ষতি নিরূপণের আগেই দ্বিতীয়বারের মতো কেঁপে উঠল আফগানিস্তান। গতকাল মঙ্গলবার
(১০ অক্টোবর) বিকেলে ভূমিকম্প আঘাত হানে একই অঞ্চলে। খবর বিবিসি।
আগের বারের মতো এবারের ভূমিকম্পটিও ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার।
উৎসস্থল ছিল হেরাত শহর থেকে ২৮ কিলোমিটার দূরে।
এর আগে গত ৭ অক্টোবর ভূমিকম্পে নিহত হন প্রায় তিন হাজার মানুষ। ধ্বংস
হয়ে যায় বাড়িঘর। এরপর থেকে এখনো খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন দেশটির কয়েক হাজার
নাগরিক। ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল হেরাত থেকে ৪০ কিলোমিটার দূরে।
গতকালের ভূমিকম্পে হতাহত বা ক্ষয়-ক্ষতির স্পষ্ট কোনো খবর পাওয়া জানা
যায়নি। তবে কম্বল, খাবারসহ অন্যান্য সামগ্রীর ঘাটতি রয়েছে বলে জানিয়েছে কর্মকর্তরা।
আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালার আশপাশের অঞ্চল ইউরেশিয়ান ও ইন্ডিয়ান
টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। এ কারণে অঞ্চলটি ভূমিকম্পের গুরুতর ঝুঁকিতে
থাকে।
ইরান সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত হেরাত। অঞ্চলটি
সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত।










