আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের
কয়েকদিন পার হয়ে গেলেও হতাহতের সঠিক সংখ্যা নিরূপণ করতে পারেনি দেশটির কর্তৃপক্ষ। তবে
এক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, নিহত ও আহতের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে।
আনাদোলু এজেন্সি কাবুলে অনুষ্ঠিত এক সংবাদ
সম্মেলনের বরাত দিয়ে এ খবর জানায়।
তবে একাধিক সংবাদ মাধ্যম জানায়, হতাহতের
সংখ্যা আরো বেশি। শুধু তিন হাজারের কাছাকাছি মানুষ মারা গেছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র
মোল্লা জনান সাইক বলেন, জিন্দা জান ও ঘোরিয়ান জেলার ২০টি গ্রামের প্রায় দুই হাজার
বাড়ি ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে।
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের বের
করার জন্য উদ্ধারকারীরা এখনো কাজ করছে। তাই মন্ত্রণালয় মৃত ও আহতদের ‘সঠিক’ পরিসংখ্যান
সংগ্রহ করতে পারেনি।
ভূমিকম্পের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবেলায়
আফগানিস্তানকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন
মোল্লা জনান সাইক।
গত ৭ অক্টোবর ইরানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিম
হেরাত প্রদেশের দুটি জেলায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই কয়েকটি
আফটারশকে ফের কেঁপে উঠে পুরো অঞ্চল।










