যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় আটক চারজন ইসরায়েলি নারী সৈন্যকে মুক্তি দিয়েছে হামাস। মুক্তিপ্রাপ্তদের গাজা সিটির প্যালেস্টাইন স্কয়ারে রেড ক্রস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। খবর আল জাজিরা।
শনিবার (২৫ জানুয়ারি) ইসরায়েলি বন্দিদের দ্বিতীয় দফায় মুক্তির বিনিময়ে ইসরায়েল প্রায় ২০০ জন ফিলিস্তিনিকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে।
মুক্তির আগে প্যালেস্টাইন স্কয়ারে হামাস এবং ইসলামিক জিহাদের মুখোশধারী যোদ্ধাদের সমাগম ঘটে। সেখানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি জনগণও জড়ো হয়। হামাস সদস্যদের পাশাপাশি প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীও সেখানে উপস্থিত ছিল।
মুক্তির আগে রেড ক্রসের প্রতিনিধিদের এবং এক হামাস যোদ্ধাকে নথিতে স্বাক্ষর করতে দেখা গেছে।
হামাস চারজন নারী ইসরায়েলি সৈন্যের পরিচয় দিয়েছে। তারা হলেন— কারিনা রিয়েভ, দানিয়েলা গিলবোয়া, নামা লেভি এবং লিরি আলবাগ। ইসরায়েলি সামরিক ইউনিফর্ম পরিহিত মুক্তি পাওয়া চার সৈন্য এ সময় ভিড়ের দিকে হাত নাড়েন।
ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, তারা রেড ক্রসের কাছ থেকে মুক্তি পাওয়া সৈন্যদের গ্রহণ করেছে এবং জানিয়েছে, তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
চুক্তির অংশ হিসেবে, নেটজারিম করিডোর থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে গাজার উত্তরাঞ্চলে শত সহস্র বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরতে পারবে।
ইসরায়েল রাফাহ সীমান্ত ক্রসিংও খুলবে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে আরো বেশি পরিমাণে মানবিক সহায়তা এবং অন্যান্য বাণিজ্যিক পণ্য প্রবেশ করতে পারবে।










