ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে দুইদিনে
প্রায় সাত হাজার অভিবাসনপ্রত্যাশী প্রবেশ করেছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র ফিলিপ্পো
মান্নিনো। অভিবাসীদের উপচেপড়া ভিড় সংকটজনক পরিস্থিতি তৈরি করছে বলে সতর্ক বার্তা দেন
মেয়র ও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। খবর সিএনএন।
গতকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয়
গণমাধ্যমকে মেয়র ফিলিপ্পো জানান, বর্তমানে দ্বীপটির জনসংখ্যা ৬ হাজারের বেশি। এরমধ্যে
গত দুইদিনে প্রায় ৭ হাজার শরণার্থী প্রবেশ করেছে।
তার মতে, বিপুল অভিবাসনপ্রত্যাশীর ভার
ভূমধ্যসগরের দ্বীপটিতে সংকটজনক পরিবেশ সৃষ্টি করেছে। চাইলেও এই সংকট এড়িয়ে যাওয়ার সুযোগ
নেই।
ইউএনএইচসিআরের ইতালি প্রতিনিধি চিয়ারা
কার্ডোলেটি বলেন, ল্যাম্পেডুসার পরিস্থিতি সংকটজনক। দ্বীপ থেকে লোকজনকে সরিয়ে নেয়াকে
সম্পূর্ণ অগ্রাধিকার দেয়া হচ্ছে।
এরই মধ্যে দ্বীপের পরিস্থিতি স্বাভাবিক
করতে কাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ২৮ ঘণ্টায় প্রায় পাঁচ হাজার মানুষকে স্থানান্তর
করা হয়েছে।
দীর্ঘকাল ধরে উত্তর আফ্রিকা থেকে আসা
অভিবাসনপ্রত্যাশীদের জন্য প্রথম বন্দর এ দ্বীপ। এরপর ইউরোপের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন
তারা।
সাম্প্রতিক সময়ে আফ্রিকান কিছু দেশে
রাজনৈতিক অস্থিতিশীলতার ফলে ইউরোপে শরণার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। গতবছর তিউনিসিয়া
থেকে ইউরোপে পাড়ি জমিয়েছেন হাজার হাজার মানুষ। এছাড়া ইউরোপমুখী লিবিয়ার শরণার্থীর সংখ্যাও
কম নয়। গত সপ্তাহে লিবিয়ার ভয়াবহ বন্যার পর অভিবাসনপ্রত্যাশীদের ঢল বাড়তে পারে বলে
আশঙ্কা সংশ্লিষ্টদের।










