ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে অংশ
নিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদিকে ফোনালাপে জানিয়ে দিয়েছেন তিনি। খবর বিবিসি।
আগামী ৯-১০ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে
অনুষ্ঠিত হবে বৃহৎ অর্থনীতির দেশগুলোর এ শীর্ষ সম্মেলন।
পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার
পক্ষে সম্মেলনে যোগ দেবেন বলেও জানান পুতিন।
ভারত এক বিবৃতিতে বলেছে, ওই সময় দুই
নেতা বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।
এর আগে গত সপ্তাহে রুশ সরকারের একজন
মুখপাত্র জানিয়েছেন, ব্যস্ত কর্মসূচির কারণে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না পুতিন।
তবে অনুমান করা হচ্ছে, গ্রেফতারের ঝুঁকি
এড়াতে পুতিন বিদেশ সফরে যাচ্ছেন না। আন্তর্জাতিক আদালত ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে
পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এর আগে গত সপ্তাহে ভিডিও কলে ব্রিকস
সম্মেলনে অংশ নেন তিনি।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ দিল্লির শীর্ষ
সম্মেলনে আলোচ্য বিষয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট
জো বাইডেন ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ বিশ্ব নেতারা উপস্থিত থাকবেন।










