ইতালির ল্যাম্পেদুসা
দ্বীপে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকাডুবিতে অন্তত ৪১ জনের প্রাণহানি ঘটেছে। প্রাণে
বেঁচে যাওয়া কয়েকজন অভিবাসীর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।
নৌকাডুবির
ঘটনায় বেঁচে যাওয়া চারজন উদ্ধারকারীদের জানিয়েছেন, নৌকাযোগে তারা তিউনিসিয়ার স্ফ্যাক্স
শহর থেকে ইতালির উদ্দেশে রওনা হয়েছিল। পথিমধ্যে তাদের নৌকাটি ডুবে যায়। বেঁচে যাওয়া
ওই চারজন আইভেরি কোস্ট ও গিনির নাগরিক। আজ ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে পৌঁছায় ওই চারজন।
তারা আরো
জানান, জাহাজটিতে তিন শিশুসহ ৪৫ জন যাত্রী ছিল। জাহাজটি গত বৃহস্পতিবার স্ফ্যাক্স থেকে
যাত্রা শুরু করার কয়েক ঘণ্টার মধ্যে ডুবে যায়। তাদের একটি কার্গো জাহাজে করে উদ্ধারের
পর ইতালির কোস্টগার্ডের একটি জাহাজে তাদের স্থানান্তর করা হয়।
ইতালির কোস্টগার্ড
জানিয়েছে, গত রোববার ল্যাম্পেডুসা উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের দুটি নৌকা ডুবে গেছে।
তবে, এই বেঁচে যাওয়ারা কোন নৌকার সেটি নিশ্চিত করতে পারেনি তারা।
ইউরোপের দেশ ইতালি যেতে ভূমধ্যসাগর রুট ব্যবহার করে অভিবাসনপ্রত্যাশীরা। চরম ঝুঁকি জেনেও উত্তর আফ্রিকার দেশগুলো থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা এই রুটটি ব্যবহার করেন। চলতি বছর উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে এক হাজার ৮০০ এর বেশি জনের মৃত্যু হয়েছে।










