গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির পদত্যাগ করেছেন। শুধু বেন-গাভিরই নন, একই কারণে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চরম দক্ষিণপন্থী জিউইশ পাওয়ার পার্টি। এর ফলে নেতানিয়াহুর সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা এখন অত্যন্ত ক্ষীণ। খবর বিবিসি।

যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে আজ রোববার (১৯ জানুয়ারি) সকালে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির, ইজহাক ওয়াসারলফ এবং আমিচাই এলিয়াহু তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

দীর্ঘদিন ধরেই যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে আসছেন বেন-গাভির। সে সঙ্গে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে জোর দিয়ে আসছেন তিনি।

পদত্যাগের ঘোষণা দিয়ে নেতানিয়াহুকে লেখা চিঠিতে বেন-গাভির বলেছেন যে, তিনি সরকার উৎখাতের জন্য কাজ করবেন না। তবে যুদ্ধবিরতি চুক্তিকে ‘সন্ত্রাসবাদের পূর্ণ বিজয়’ বলে অভিহিত করেছেন তিনি।