চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সবচেয়ে দ্রুত সম্প্রসারমাণ ফাইভজি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড ছিল রিয়েলমি। কাউন্টারপয়েন্ট রিসার্চের মাসিক মার্কেট পালস সার্ভিস প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তৃতীয় প্রান্তিকে রিয়েলমির ফাইভজি স্মার্টফোন বিক্রি আগের বছরের তুলনায় বেড়েছে ৮৩১ শতাংশ। বৈশ্বিক ফাইভজি স্মার্টফোন বিক্রিতে ১২১ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় রিয়েলমির সাফল্য ঈর্ষণীয়।

ফাইভজি সেগমেন্টে রিয়েলমির দ্রুত সম্প্রসারণ নিয়ে কাউন্টারপয়েন্টের গবেষণা পরিচালক তরুণ পাঠক বলেন, ফোরজির চেয়ে বেশ দ্রুত সম্প্রসারণ হচ্ছে ফাইভজি স্মার্টফোন। বিভিন্ন অঞ্চল ও মূল্যভেদে বিভিন্ন ফাইভজি স্মার্টফোন নিয়ে আসছে কোম্পানিগুলো।

ফাইভজি স্মার্টফোন বাজার সম্প্রসারণের দিক থেকে রিয়েলমির পেছনেই রয়েছে অপো ও ভিভোর মতো চীনা কোম্পানি। ফাইভজি স্মার্টফোন বাজারের শীর্ষ চরিত্র অ্যাপল এ সেগমেন্টে ২০২০ সালের চতুর্থ প্রান্তিকে প্রবেশ করেছিল। ফাইভজিতে রিয়েলমির অসাধারণ সাফল্যের পেছনে ভূমিকা রেখেছে চীন, ভারত ও ইউরোপের মতো বাজার। এ বিষয়ে কাউন্টারপয়েন্ট রিসার্চের বরুণ মিশ্র মনে করেন, ভারতে রিয়েলমির ফাইভজি বাজার সম্প্রসারণ হয়েছে ৯ হাজার ৫১৯ শতাংশ। বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে ভারতে দ্রুত সম্প্রসারণ হয়েছে রিয়েলমির ফাইভজি সেগমেন্ট। তারপর চীনের বাজারে ৮৩০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে রিয়েলমির।