অনলাইন নিউজ অ্যাক্ট যদি আইনে পরিণত হয় তাহলে কানাডার অধিবাসীদের সংবাদ সম্পর্কিত কনটেন্ট দেখতে দেবে না মেটা। সম্প্রতি ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা এক বিবৃতিতে এ কথা জানায়। খবর রয়টার্স।
গত বছরের এপ্রিলে দেশটিতে অনলাইন নিউজ অ্যাক্ট বা হাউজ অব কমনস বিল সি-১৮ প্রকাশ করা হয়। সেখানে বলা হয় মেটা, গুগলসহ বিভিন্ন প্লাটফর্মে সংবাদমাধ্যমের যেসব কনটেন্ট প্রকাশ করা হয়, সেগুলোর লভ্যাংশ প্রকাশক প্রতিষ্ঠানগুলোকে দিতে হবে।
কানাডায় নিউজ কনটেন্ট দেখার সুবিধা বন্ধের বিষয়ে মেটার এক মুখপাত্র জানান, দেশটিতে এমন একটি আইনি কাঠামো তৈরি করা হচ্ছে যার প্রভাবে প্লাটফর্মে মেটা যেসব পোস্ট করে না, সেগুলোর জন্য অর্থ দিতে হবে। এজন্য যে ব্যবহারকারীরা আমাদের প্লাটফর্মে থাকে তাও নয়। এটি কার্যকর বা টেকসই কোনো উদ্যোগ নয়।
গত মাসে একই আইনের বিপরীতে গুগল সীমিতসংখ্যক সংবাদ কনটেন্ট প্রচার পরীক্ষা শুরু করে। এর পরই মেটার এ উদ্যোগ প্রকাশ্যে এল।










