ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) ওয়েবসাইটে এলজির নতুন একটি ল্যাপটপের পেটেন্ট তথ্য প্রকাশ হয়েছে। প্রকাশিত ছবি ও তথ্যানুযায়ী ল্যাপটপের কি-বোর্ডের দুই পাশে দুটি টাচপ্যানেল রয়েছে। খবর গিজমোচায়না।

২০২০ সালের ৮ জুন এলজি পেটেন্ট আবেদনটি করেছিল। সম্প্রতি ডব্লিউআইপিও এটি প্রকাশ করে। প্রকাশের পর মাইস্মার্টপ্রাইস প্রথম ল্যাপটপে একাধিক ডিসপ্লে থাকার বিষয়টি প্রকাশ করে। কনসেপ্ট ল্যাপটপটিতে গতানুগতিক ধারার ডিভাইসের তুলনায় ছোট আকৃতির কি-বোর্ড দেয়া হয়েছে। তবে কি-বোর্ডের দুই পাশে দুটি ডিসপ্লে আছে বলেও জানা গেছে।

এলজির পেটেন্ট ফাইলিংয়ের তথ্যানুযায়ী, দুটি ডিসপ্লেতে টাচ ফিচার রয়েছে এবং একত্রে একাধিক কার্যসম্পাদনে সক্ষম। পেটেন্টে বলা হয়, ডিজাইনটি একটি ল্যাপটপ কম্পিউটারের এবং এতে কি-বোর্ডের পাশে দুটি টাচ প্যাড দেয়া হয়েছে। এর একটি নম্বরপ্যাড হিসেবে কাজ করবে এবং অন্যটির মাধ্যমে ল্যাপটপের উজ্জ্বলতা, ভলিউম, আইকন পরিবর্তনসহ বিবিধ কাজ করা যাবে। প্রযুক্তিবিদদের আশা টাচ প্যাডগুলোর কার্যক্রম পরিবর্তনের সুযোগ থাকবে।

প্রচলিত ল্যাপটপে যেখানে মূলত কি-বোর্ড দেয়া থাকে, এলজি তাদের নতুন পেটেন্টে সে জায়গাটি খালি রেখেছে। প্রযুক্তিবিদরা জানান, জায়গাটি খালি না রেখে এলজি সেখানে শক্তিশালী স্পিকার কিংবা শিল্পী ও ডিজাইনারদের জন্য স্টাইলাস সুবিধাযুক্ত প্রশস্ত সেকন্ডারি ডিসপ্লে দিতে পারত। পেটেন্টে আরো দেখা যায় ল্যাপটপটিতে বিল্ট ইন টিল্ট আপ কব্জা রয়েছে। যেটি অনেকটা আসুসের এরগোলিফটের মতো। যখন ব্যবহারকারীর ডিসপ্লে লিড খোলে, তখন এ কব্জা মেশিনের দিকটি উপরের দিকে নিয়ে আসে। ফলে ল্যাপটপ কুলিং প্রযুক্তি আরো ভালোভাবে কাজ করতে পারে। কুলিংয়ের এ সুবিধার কারণে ধারণা করা হচ্ছে, ল্যাপটপটিতে শক্তিশালী হার্ডওয়্যার ব্যবহার করা হতে পারে।

ডিজাইন পেটেন্ট প্রকাশিত হলেও কবে নাগাদ ল্যাপটপটি বাজারে আনা হবে। সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।