সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ব্যবহারকারীদের ব্যক্তি পরিধির সুরক্ষা নিশ্চিতে প্রতিষ্ঠানগুলো কাজ করছে। মেটা মালিকানাধীন মেসেঞ্জারে মেসেজ রিড না করে সেটি ডিলিট বা ব্লক করে দেয়ার সুবিধা রয়েছে। কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ না পড়ে বা কথোপকথন চালু না করে সেটি করা যায় না। ব্যবহারকারীদের এ বিড়ম্বনা থেকে মুক্তি দিতে নতুন শর্টকাট ফিচার নিয়ে কাজ করছে মেসেজিং প্লাটফর্মটি। খবর গিজচায়না।

নতুন ফিচারের আওতায় ব্যবহারকারীরা অপরিচিত বা স্প্যাম কথোপকথন চালু না করেই সেটি ব্লক করে দিতে পারবে। তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। নতুন কোনো কথোপকথন শুরু হলে হোয়াটসঅ্যাপের থ্রিডট মেনু থেকে সেটিংসে প্রবেশ করতে হবে। সেখানে মোর মেনুতে প্রবেশ করে কোনো কনটাক্ট ব্লক করতে চাইলে ব্লক ট্যাবে চাপ   দিতে হবে।

২০২৩ সালের মধ্যেই দীর্ঘ সময় ধরে চলমান এ কার্যক্রম শেষ হবে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা। ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, হোয়াটসঅ্যাপ বর্তমানে দুটি কার্যকর শর্টকাট ফিচারের উন্নয়নে কাজ করছে। ব্লকিং ফিচারের প্রাথমিক ইন্টারফেস ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে কোনো কন্টাক্ট ব্লক করে দেয়া যাবে। কারো সঙ্গে কথোপকথনের ট্যাবটিতে লং প্রেস করলে নিচের দিকে একটি উইন্ডো চালু হবে, যেখানে ব্লক অপশনও থাকবে। মাত্র দুই ক্লিকে কাজটি সম্পন্ন করা যাবে।

ব্লক অপশন ছাড়াও হোয়াটসঅ্যাপ পপআপ নোটিফিকেশনে সাইলেন্ট মোড ও অ্যান্সার বাটন যুক্ত করতে কাজ করছে। যখন ব্যবহারকারীরা অপরিচিত বা সন্দেহভাজন কোনো নম্বর থেকে মেসেজ পাবে তখন একবার ক্লিক করেই নোটিফিকেশন আসা বন্ধ করে দিতে পারবে। একটি বিষয় মনে রাখতে হবে, যদি কনভারসেশনে থাকা নম্বরটি অপরিচিত বা সন্দেহভাজন হয় তাহলেই শুধু অপশনটি সামনে আসবে বা কাজ করবে। ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। বেটা পরীক্ষকরা প্রথম এটি ব্যবহারের সুযোগ পাবে এবং ফিডব্যাক দেয়ার মাধ্যমে এর অভিজ্ঞতা উন্নয়নে হোয়াটসঅ্যাপকে সহায়তা করবে। পরীক্ষা-নিরীক্ষা শেষে সব ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করবে মেটা।