প্রযুক্তি খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে (এসএমই) প্রায় সাড়ে ৫ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব। এ নিয়ে জাতীয় প্রযুক্তি উন্নয়ন কর্মসূচির (এনটিডিপি) সঙ্গে অর্থায়ন-সংক্রান্ত একটি চুক্তি করেছে দেশটির সোশ্যাল ডেভেলপমেন্ট ব্যাংক।
রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তি খাতের এসএমই প্রতিষ্ঠানে ২০ কোটি সৌদি রিয়াল বা ৫ কোটি ৩৩ লাখ ডলার বরাদ্দ করবে সোশ্যাল ডেভেলপমেন্ট ব্যাংক।
গত মাসে জাতীয় শিল্প কৌশল গ্রহণ করে সৌদি আরব। এর মাধ্যমে শিল্প খাতের উৎপাদন তিন গুণ বাড়ানোর লক্ষ্যমাত্রা হাতে নেয়া হয়েছে। তার আওতায় ২০৩০ সালের মধ্যে সৌদি আরবে শিল্পপণ্য রফতানি ১৪ হাজার ৯০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা হাতে নেয়া হয়েছে।










