চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিরোধ শুরুর পর বিশ্বের অন্যান্য দেশ ও প্রতিষ্ঠান সরে আসছে। সবশেষ ২০২৪ সালের মধ্যে সব ধরনের ডিভাইস থেকে চীন নির্মিত চিপ সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছে কম্পিউটার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ডেল। এ পদক্ষেপের কারণে প্রযুক্তি শিল্প খাতে বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি হতে পারে। খবর টেকরাডার।
সংশ্লিষ্ট বিষয়ে অবগত একটি সূত্র নিক্কেই এশিয়াকে জানান, এ উদ্যোগের মাধ্যমে বর্তমানে চীনে উৎপাদিত চিপের ব্যবহার বন্ধ করা হবে তা নয়। পাশাপাশি চীনে যেসব বিদেশী প্রতিষ্ঠানের কারখানা রয়েছে তাদের থেকেও সরবরাহ বন্ধ করে দেয়া হবে।
প্রযুক্তিবাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের তথ্যানুযায়ী, ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে ডেলের ডেস্কটপ, নোটবুক ও ওয়ার্কস্টেশন বাজারজাতের হার ছিল ২৬ দশমিক ১ শতাংশ। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি এইচপির ২২ দশমিক ৭ ও অ্যাপলের ১৬ দশমিক ৭ শতাংশ বাজারজাতকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছে। চীন নির্মিত চিপ ব্যবহারের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি ক্রমাগত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।










