টুইটার পর্ষদের বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ইলোন মাস্ক। মাইক্রোব্লগিং সাইটটিতে স্প্যাম বা ভুয়া অ্যাকাউন্টের সঠিক উপাত্ত শেয়ার করা না হলে ৪ হাজার ৪০০ কোটি ডলারের অধিগ্রহণ পরিকল্পনা থেকে সরে আসার হুমকি দিয়েছেন টেসলা ও স্পেসএক্স প্রধান। খবর দ্য গার্ডিয়ান।
টুইটারে কতসংখ্যক ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্ট রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য চেয়েছিলেন মাস্ক। সোমবার টুইটারকে একটি চিঠি লিখে তিনি জানিয়ে দেন, সেই পূর্ণাঙ্গ তথ্য না পেলে এ সোশ্যাল প্লাটফর্মটি কিনবেন না তিনি। চিঠিতে আরো বলা হয়েছে, টুইটার যা প্রতিশ্রুতি দিয়েছিল তা রাখেনি, যা নিয়মভঙ্গের শামিল। তাই যেকোনো মুহূর্তে এ চুক্তি ভেস্তে দেয়ার সব অধিকার রয়েছে মাস্কের। তবে টুইটারকে আরো খানিকটা সময় দিতে চান টেসলার কর্ণধার। তাই আপাতত এ চুক্তি স্থগিত রেখেছেন তিনি। প্রয়োজনীয় তথ্য না পেলে চুক্তি থেকে সরে দাঁড়াবেন।
আসলে টুইটারের স্বচ্ছতা নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন মাস্ক। চুক্তি পাকা হওয়ার আগেই প্রতিশ্রুতি পালন করতে পারছেন না তারা। পরবর্তী সময়ে তাই আরো নানা সমস্যা দেখা দিতে পারে। এ আশঙ্কা থেকেই আপাতত স্থগিত রাখা হয় চুক্তির সিদ্ধান্ত।
উল্লেখ্য, ভুয়া অ্যাকাউন্ট ও স্প্যামসংক্রান্ত তথ্য লিখিতভাবে না পাওয়া পর্যন্ত চুক্তিতে কোনো অগ্রগতি হবে না। মাইক্রো ব্লগিং সাইট কেনার ব্যাপারে কার্যত ইউ-টার্ন নিয়ে আগেই একথা জানিয়েছিলেন মার্কিন ধনকুবের মাস্ক। টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে মাস্ক এও বলেছিলেন, টুইটারে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা ঠিক কত, সেটা লিখিতভাবে জানাতে হবে এবং সেই মতো নতুন করে চুক্তি করতে হবে। তা না হলে তিনি টুইটার কিনবেন না। এবার এ নিয়ে চিঠি দিয়ে মাস্ক বুঝিয়ে দিলেন তিনি বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন না।










