নির্ধারিত পরিকল্পনার একদিন আগেই সমাপ্তির ঘোষণা দিয়েছেন কনজিউমার ইলেকট্রনিকস শোর (সিইএস) আয়োজকরা। ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমণের হার বৃদ্ধিতে অ্যামাজন, জিএম, গুগল, মাইক্রোসফট ও অ্যাপলের মতো প্রযুক্তি জায়ান্ট সেখানে সরাসরি অংশগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণায় এমনটা জানিয়েছে অনুষ্ঠানটির আয়োজক কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশন (সিটিএ)। খবর রয়টার্স।

ইভেন্টের আয়োজক সিটিএ জানায়, সিইএসের জন্য অতিরিক্ত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নেয়া হয়েছিল, আর এখন নতুন পরিকল্পনা অনুযায়ী ইভেন্টটি ৫ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন ২ হাজার ২০০ দর্শনার্থী আসতে পারবে এবারের আসরে। এরই মধ্যে অনেক কোম্পানি সিইএসে অংশগ্রহণ করছে না বলে জানিয়েছে। এর মধ্যে ফেসবুক, গুগলের মতো কোম্পানিও রয়েছে।

কভিড-১৯-এর নতুন ভ্যারিয়েন্ট খুব দ্রুত সংক্রমিত হয়। এরই মধ্যে সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে এ ভ্যারিয়েন্ট। রয়টার্সের তথ্য অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে আটদিনে সংক্রমণ দ্বিগুণ হয়েছে। গড়ে একদিনে রেকর্ড সর্বোচ্চ সংক্রমিত হয়েছে। এ কারণে পরিকল্পনার চেয়ে একদিন আগেই সম্মেলন শেষের কথা জানিয়েছেন আয়োজকরা।