বিশ্বজুড়ে দীর্ঘদিন ধরে চিপ সংকট চলমান। ফলে গাড়ি উৎপাদন শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধীরে ধীরে এ সংকট প্রযুক্তি বাজারেও নেতিবাচক প্রভাব ফেলছে। সংকটের কারণে হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস সুইচের উৎপাদনকারী প্রতিষ্ঠান নিনতেন্দোর হার্ডওয়্যার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।
নিনতেন্দোর উন্নয়ন বিভাগের প্রধান কো শিয়োটা বলেন, সেমিকন্ডাক্টরের যে সংকট তা আমাদের হার্ডওয়্যার উন্নয়নে কিছুটা প্রভাব ফেলছে। আমরা যন্ত্রাংশের বিকল্প খুঁজছি এবং নতুন ডিজাইন প্রণয়নের মাধ্যমে বিরূপ প্রভাবের হার কমানোর চেষ্টা করছি।
সম্প্রতি নিনতেন্দোর প্রেসিডেন্ট শুনতারো ফুরুকায়া পুরো বছর নিনতেন্দোর সুইচ ডিভাইস বিক্রির যে পূর্বাভাস দিয়েছিলেন, সেটি বাতিলের কথা জানান। পাশাপাশি খুব তাড়াতাড়ি চিপ সংকট কাটবে না বলেও আভাস দেন তিনি। তার এমন মন্তব্যের পর পরই উৎপাদন, উন্নয়ন-সংক্রান্ত এসকল তথ্য সামনে আসে।
মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠান যখন তাদের সাবস্ক্রিপশন ফিচার ও ক্লাউড গেমিং সেবার বিস্তারে কাজ করছে, তখন কিয়োটোভিত্তিক প্রতিষ্ঠান নিনতেন্দো তাদের কনসোল ব্যবসাকেই বেশি প্রাধান্য দিচ্ছে।










