নেদারল্যান্ডসে ইন-অ্যাপ পেমেন্টের ক্ষেত্রে থার্ড পার্টি সিস্টেম ব্যবহারে সম্মতি দিয়েছে অ্যাপল।
খবর রয়টার্স।
বিদায়ী বছরের ২৪ ডিসেম্বর নেদারল্যান্ডসের অথরিটি ফর কনজিউমারস অ্যান্ড মার্কেটস এক বিবৃতিতে বলে, টিন্ডার মালিক ম্যাচ গ্রুপ ইনকরপোরেশনসহ দেশটির অন্যান্য ডেটিং অ্যাপ ডেভেলপারদের অ্যাপলের পেমেন্ট পদ্ধতি ব্যবহারের নির্দেশ দেয়া হয়। ২০২২ সালের ১৫ জানুয়ারির মধ্যে দেশটির বাজার নিয়ন্ত্রকরা অ্যাপলকে থার্ড পার্টি পেমেন্ট পদ্ধতি চালুর নির্দেশ দেয়। অন্যথায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হবে বলে জানানো হয়।
বিশ্বের সর্বত্রই অনলাইনে কেনাকাটায় ডেভেলপারদের অ্যাপলের অ্যাপ ব্যবহারের কথা বলে আসছে মার্কিন টেক জায়ান্টটি। এর থেকে ১৫-৩০ শতাংশ মুনাফা পায় মার্কিন প্রতিষ্ঠানটি। এভাবে বাজারে নিজের আধিপত্য বিস্তার করতে বরাবরই সমালোচিত হয়ে আসছে অ্যাপল।
সম্প্রতি নেদারল্যান্ডস এ বিষয়ে মার্কিন প্রতিষ্ঠানটিকে সতর্ক করে। নির্দেশ অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে নন-অ্যাপল পেমেন্ট ব্যবস্থা চালু না করলে জরিমানার হুমকিও দেয় দেশটির বাজার নিয়ন্ত্রকরা। এর জের ধরে নেদারল্যান্ডসে নন-অ্যাপল পেমেন্ট চালু করলেও অন্য দেশগুলোর ক্ষেত্রে আগের পদ্ধতিই বহাল থাকছে।
এক ডেভেলপার ব্লগে অ্যাপল জানায়, নেদারল্যান্ডসের ডেটিং অ্যাপগুলোর জন্য দুটি বিকল্প পেমেন্ট ব্যবস্থা চালু করা হবে। তবে নন-অ্যাপল পেমেন্টের ক্ষেত্রে ব্যবহারকারীদের অর্থের রিফান্ড বা নিরাপত্তার কোনো দায়ভার নেবে না প্রতিষ্ঠানটি।










