বাংলাদেশে যাত্রা করল মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সলিউশনস (এমএলইএস)। প্রতিষ্ঠানটি রোবোটিক প্রসেস অটোমেশনের মাধ্যমে বিপিও পরিষেবা দেবে।

পৃথিবীর ৩০টি শহরের প্রতিভাকে কাজে লাগিয়ে এবার বাংলাদেশে যাত্রা করেছে মনস্টারল্যাব হোল্ডিংস ইনকরপোরেশন। বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) পরিষেবা প্রদানের লক্ষ্যে মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সলিউশনস (এমএলইএস) নামে নতুন কোম্পানিও প্রতিষ্ঠা করা হয়েছে।

মনস্টারল্যাব গ্রুপের গ্লোবাল ফাইন্যান্সিয়াল শেয়ার্ড সার্ভিস সেন্টার থেকেই এমএলইএসের উত্পত্তি। সক্রিয়ভাবে রোবোটিক প্রসেস অটোমেশন (আরপিএ) এবং বিভিন্ন আইটি প্লাটফর্ম ব্যবহার করে অ্যাকাউন্টিং, বিজনেস ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, লিগ্যাল ও হিউম্যান রিসোর্স বিভাগের কাজ করবে প্রতিষ্ঠানটি।

মনস্টারল্যাব হোল্ডিংস ইনকরপোরেশন গ্রুপের সিএফও ইওশিহিরো নাকাহারা বলেন, প্রতিভাবান বাংলাদেশীদের মাঝে সীমাহীন সম্ভাবনা ও কাজের প্রতি একাগ্রতা আছে। এমএলইএসের মাধ্যমে সে সম্ভাবনাকে উন্নতির শিখরে নিয়ে যেতে এবং দেশ-বিদেশে পেশাজীবী, কার্যকরী ও কুশলী সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

মনস্টারল্যাব এন্টারপ্রাইজ সলিউশনসের এমডি কাজুকি নাকায়ামা বলেন, বাংলাদেশে ডিজিটাল চিন্তার নেতৃত্বে থাকা প্রতিভাবান ব্যক্তিদের সঙ্গে কাজ করার জন্য আমি অনেক উৎসাহী। এমএলইএসের নতুন ও আমাদের প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে পার্টনার ও ক্লায়েন্টদের যথাযথ মূল্যায়ন করে প্রতিষ্ঠানের পরিধি বিস্তারে আমরা কাজ করে যাব।