নয় বছর দায়িত্ব পালন শেষে ইউটিউবের প্রধান নির্বাহীর পদ ছাড়ছেন গুগলের প্রথম দিকের কর্মী সুসান ওজিস্কি। পদত্যাগের পর তিনি পরিবার, পরিজন ও অন্যান্য প্রকল্প নিয়ে কাজ করবেন বলে জানা গেছে। খবর টেকটাইমস।

১৬ ফেব্রুয়ারি ভিডিও শেয়ারিং প্লাটফর্মে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ৫৪ বছর বয়সী ওজিস্কির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তার ডেপুটি ভারতীয় বংশোদ্ভূত মার্কিনি নীল মোহন। প্রকাশিত বিবৃতির তথ্যানুযায়ী, নয় বছর আগে ইউটিউবে যোগ দেয়ার বিষয়টি জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘‌আমার পথে আসা প্রতিটি চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি। কারণ এটির একটি মিশন ছিল যা বিশ্বের অনেক মানুষের জীবনকে উপকৃত করেছে। এর মধ্যে তথ্য খোঁজা, গল্প বলা এবং নির্মাতা, শিল্পী ও ছোট ব্যবসাকে সমর্থনের বিষয় রয়েছে।

প্রায় ২৫ বছর আগে ওজিস্কির বাড়ির গ্যারেজেই গুগলের যাত্রা। প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন শেষে ২০১৪ সালে ওজিস্কি ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন। টিকটক, ফেসবুকের রিলের মতো স্বল্পদৈর্ঘ্যের ভিডিওতে এবং নেটফ্লিক্সের মতো অনলাইন স্ট্রিমিং সার্ভিসগুলোর তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়া ইউটিউবের বিজ্ঞাপনী আয় টানা দ্বিতীয় প্রান্তিকেও কমে যাওয়ার পর তার পদত্যাগের এ ঘোষণা এল।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে থেকে ডিগ্রি নেয়া মোহনকে ২০১৫ সালে ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি ছয় বছর ছিলেন ডবলক্লিকে, ২০০৮ সালে ওই কোম্পানিটি কিনে নেয় গুগল। এরপর প্রায়  আট বছর মোহন গুগলের ডিসপ্লে অ্যান্ড ভিডিও অ্যাডভার্টাইজিংয়ের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।