চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ও বেশি বিক্রীত স্মার্টফোন ছিল আইফোন ১৩ ও আইফোন ১৩ প্রো ম্যাক্স। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সর্বশেষ এক প্রতিবেদনে দেখা গিয়েছে, গত প্রান্তিকে বিশ্বের সর্বোচ্চ বিক্রীত ট্যাবলেট ছিল অ্যাপলের আইপ্যাড ও আইপ্যাড মিনি। খবর ফোন অ্যারেনা।

আইডিসির প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে বৈশ্বিক ট্যাবলেট পিসি বাজারের ৩১ দশমিক ৮ শতাংশ হিস্যা ছিল আইপ্যাড লাইন আপের।

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের বাজারে ৩২৯ ডলারে এন্ট্রি লেভেলের আইপ্যাড উন্মোচন করে অ্যাপল। প্রথম প্রান্তিকে এটি শুধু অ্যাপলেরই সর্বোচ্চ বিক্রীত আইপ্যাড নয়, বরং বিশ্বের সর্বোচ্চ বিক্রীত ট্যাবলেট। দ্বিতীয় স্থান আইপ্যাড মিনির। গত কয়েক বছরে বিক্রি কমলেও সর্বশেষ প্রান্তিকে বেশ জনপ্রিয় ছিল অ্যাপলের ট্যাবটি।

তৃতীয় স্থানও আরেকটি অ্যাপল পণ্যের। ৭৯৯ ডলার দামের হাই-এন্ডের আইপ্যাড প্রো বিক্রির দিক থেকে ট্যাব বাজারে তৃতীয় স্থানে রয়েছে। অ্যান্ড্রয়েডচালিত ট্যাবলেট বাজার থেকে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে আইওএসচালিত ট্যাবলেট। চতুর্থ স্থানে আসতে পারেনি ২০২০ সালের অক্টোবরে উন্মোচিত আইপ্যাড এয়ার। তবে বিক্রির দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে পূর্ববর্তী প্রজন্মের ট্যাবটি। 

প্রথম প্রান্তিকে অ্যাপলের ট্যাবলেট বিক্রির ৯৪ শতাংশের প্রতিনিধিত্ব করেছে আইপ্যাড (২০২১), আইপ্যাড মিনি (২০২১), আইপ্যাড প্রো (২০২১) ও আইপ্যাড এয়ার (২০২০)। বাকি ৬ শতাংশ বিক্রির প্রতিনিধিত্ব করেছে পুরনো মডেলের আইপ্যাড ও গত মার্চে উন্মোচিত আইপ্যাড এয়ার (২০২২)।

অ্যাপলের তুলনায় বেশ বড় ব্যবধানে পিছিয়ে থেকেও দ্বিতীয় স্থান স্যামসাংয়ের। বিশ্বে সর্বোচ্চ বিক্রীত ট্যাবের তালিকায় চতুর্থ স্থান স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব ৮-এর। একই সঙ্গে এটি ছিল অ্যান্ড্রয়েডচালিত সবচেয়ে জনপ্রিয় ট্যাব। বৈশ্বিক ট্যাব বাজারে ২১ দশমিক ৮ শতাংশ হিস্যা ছিল দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির। শীর্ষ দুই ট্যাব বিক্রেতার বৈশ্বিক বাজার হিস্যা প্রায় ৫৪ শতাংশ।