ভিয়েতনামে নতুন দুটি কারখানা তৈরিতে ৪০ কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে চীনের ডিসপ্লে উৎপাদনকারী প্রতিষ্ঠান বিওই টেকনোলজি গ্রুপ। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রে এ তথ্য জানা গেছে। খবর ফ্রিমালয়েশিয়াটুডে।

বেইজিং-ওয়াশিংটনের মধ্যে চলমান ভূরাজনৈতিক ও বাণিজ্য বিরোধ এবং কভিড-১৯ মহামারীর সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধে অ্যাপলের আইফোন উৎপাদন ও ফক্সকনের সরবরাহ চেইনে সংকট তৈরি হয়। এ সংকটাবস্থা এড়াতেই বিওইর নতুন এ উদ্যোগ। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্টদের কয়েকজন জানান, উত্তর ভিয়েতনামে কয়েক ডজন হেক্টর জমি ভাড়া নেয়ার জন্য আলোচনা করছে বিওই। সেখানে অবস্থিত ছোট কারখানার পরিধি বাড়াতে এ উদ্যোগ। এখান থেকে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এলজি ইলেকট্রনিকসের কাছে টেলিভিশন স্ক্রিন সরবরাহ করা হয়। তবে এ বিষয়ে বিওই কোনো মন্তব্য করেনি।

সাম্প্রতিক বছরগুলোয় উত্তর ভিয়েতনাম বিনিয়োগের জন্য বড় প্রযুক্তি জায়ান্টদের আকৃষ্ট করেছে। ফলে স্মার্টফোন থেকে শুরু করে কম্পিউটার, ক্যামেরা এমনকি অ্যাপল ও স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ পণ্য তৈরির অন্যতম হাবে পরিণত হয়েছে এ অঞ্চল। হন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি ও চীনের লাক্সশেয়ার প্রিসিশন ইন্ডাস্ট্রি বর্তমানে ল্যাপটপ ও ট্যাবলেট কম্পিউটারসহ অ্যাপলের পণ্য অ্যাসেম্বলের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। অবগত একটি সূত্র জানায়, বিইও ১০০ হেক্টরের বেশি জমি ভাড়া নিতে কাজ করছে।