ক্লাবহাউজের অনুরূপ লাইভ অডিও ফিচারের পরিধি বাড়াচ্ছে লিংকডইন। মূলত প্লাটফর্মে আরো কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করতেই এ উদ্যোগ। জানুয়ারিতে প্রথম লাইভ অডিও ইভেন্ট চালুর পর বর্তমানে নির্মাতাদের জন্য হোস্টিং ফিচার আনবে প্লাটফর্মটি। খবর এনগ্যাজেট।
নতুন আপডেটের পর যেসব কনটেন্ট নির্মাতা প্লাটফর্মের ক্রিয়েটর মোড ব্যবহার করেন, তারা এখন থেকে লাইভ অডিও ইভেন্ট পরিচালনা করতে পারবেন। বিশেষ করে যতক্ষণ তারা বিশ্বাসযোগ্য, নিরাপদ ও পেশাদার কনটেন্ট প্রদানে প্রবর্তিত বিধান মেনে চলবেন ততক্ষণ। বর্তমানে নির্মাতাদের জন্যই শুধু হোস্টিং ফিচার উন্মুক্ত রাখা হয়েছে। তবে লিংকডইনের যেকোনো ব্যবহারকারী চ্যাটে যুক্ত হতে পারবেন।
ক্লাবহাউজের মতো লিংকডইনের ক্রিয়েটররা এখন তাদের অডিও ইভেন্টগুলো তারিখ ও সময় অনুযায়ী সাজিয়ে রাখতে পারবেন এবং তাদের নেটওয়ার্কে সে বিষয়ে আলোচনা করতে পারবেন। প্রতিষ্ঠানটি জানায়, কনটেন্ট নির্মাতারা এরই মধ্যে অডিও ফিচার ব্যবহারের মাধ্যমে তাদের পেশাদার নেটওয়ার্ক বিস্তারে গ্রাহকদের সঙ্গে যোগাযোগে এবং নতুন অনুসরণকারী তৈরিতে কাজ করছেন। অডিওর পাশাপাশি ভিডিওকেন্দ্রিক লাইভ ইভেন্ট নিয়েও কাজ চলছে। তবে এটি কবে উন্মুক্ত করা হবে, সে বিষয়ে লিংকডইনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
প্লাটফর্মটিকে কনটেন্ট নির্মাতাদের জন্য আরো সহজ করতে লিংকডইনের গৃহীত উদ্যোগের অংশ এটি। প্রতিষ্ঠানটি জানায়, বর্তমানে এক কোটির বেশি মানুষ তাদের ক্রিয়েটর মোডটি ব্যবহার করছে। কনটেন্ট নির্মাতাদের পরিধি বাড়ানোর সুবিধা দিতে নতুন এ উদ্যোগ নিয়েছে লিংকডইন। পাশাপাশি প্লাটফর্মটি ক্রিয়েটরদের অ্যাকাউন্ট ওয়েবসাইটের বাইরে অন্য মাধ্যমে যুক্ত করার সুবিধা চালুর বিষয়ে কাজ করছে।










