বিদেশী গ্রাহকের জন্য লাইভ চ্যাট পরিষেবা চালু করবে এলজি ইউপ্লাস করপোরেশন। দক্ষিণ কোরিয়ার টেলিকম অপারেটর সংস্থাটি সম্প্রতি এ বিষয়ে বিবৃতি দিয়েছে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইংরেজি, চীনা, ভিয়েতনামিসহ বিদেশী ভাষায় একটি লাইভ চ্যাট গ্রাহক পরিষেবা প্লাটফর্ম চালু করা হবে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, দুই মাসব্যাপী পাইলট প্রকল্প চালিয়েছে প্রতিষ্ঠানটি। এ সময়ে এক হাজারের অধিক গ্রাহককে সেবা দেয়া হয়েছে। বিদেশী ভাষায় পরিষেবা চাহিদা বৃদ্ধির বিষয়টি এ প্রকল্পে পরিলক্ষিত হয়েছে।

দক্ষিণ কোরিয়ার অভিবাসন দপ্তরের সাম্প্রতিক তথ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে প্রায় ৪ লাখ ৬০ হাজার বিদেশী পর্যটক এসেছে দেশটিতে। যেখানে ২০২২ সালের একই সময়ে পর্যটকের সংখ্যা ছিল মাত্র ৯০ হাজার।

কোরিয়া হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, এলজি ইউপ্লাস এরই মধ্যে ইংরেজি, চীনা ও ভিয়েতনামি ভাষায় ফোনের মাধ্যমে অনুবাদ পরিষেবা দিতে শুরু করেছে। প্রতি মাসে শতাধিক গ্রাহক এ পরিষেবা ব্যবহার করেন। এলজি ইউপ্লাস জানিয়েছে, নতুন লাইভ চ্যাট পরিষেবা পরিচালনার জন্য চীন, ভিয়েতনাম ও রাশিয়া থেকে স্থানীয় ভাষাভাষীদের নিয়োগের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এছাড়া অন্যান্য ভাষার জন্য গুগল অ্যাসিস্ট্যান্টভিত্তিক স্বয়ংক্রিয় অনুবাদ ব্যবহার করা হবে।

লাইভ চ্যাট সার্ভিসের অপারেটররা পেশাদার বিদেশী ভাষায় দক্ষ হবেন। যারা গ্রাহকদের মোট ২৫ ধরনের অনুসন্ধানের বিষয়ে সরাসরি যোগাযোগ করবেন। এর মধ্যে পরিষেবা সাবস্ক্রিপশন, নবায়ন ও বাতিলকরণ এবং পেমেন্টসংক্রান্ত বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে।