প্রযুক্তিপ্রেমীদের কথা মাথায় রেখে নিত্যনতুন ফিচার-সংবলিত ডিভাইস বাজারে আনছে অপো। চীনা স্মার্টফোন ব্র্যান্ডটির আসন্ন একটি ট্যাবলেট এরই মধ্যে কৌতূহলের ঝড় তুলেছে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে। অপো প্যাড নামে ট্যাবটির অনেক ফিচারের তথ্য সামনে এসেছে। সর্বশেষ খবর, ডিভাইসটি ৩৩ ওয়াটের দ্রুতগতির চার্জিং সমর্থন করবে। খবর গিজমোচায়না।

চীনা মাইক্রোব্লগিং প্লাটফর্ম উইবোতে ডিজিটাল চ্যাট স্টেশন জানায়, ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট ব্যবহার করা হচ্ছে। আপাতত ডিভাইসটির পরীক্ষা-নিরীক্ষা ও অপটিমাইজেশনের কাজ সম্পন্ন করছে ব্র্যান্ডটি। ট্যাবলেটটিতে ‘ক্রস প্লাটফর্ম ইন্টিগ্রেশন’ নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানা যায়। কাজটি সফলভাবে সম্পন্ন হলে বিভিন্ন স্মার্টফোন, ট্যাবলেট, নোটবুক, টিভি এবং অন্যান্য প্লাটফর্মেও ভিভাইসটি ব্যবহার করা যাবে। কোম্পানিটি তাদের বিভিন্ন পণ্যকে কাছাকাছি নিয়ে আসার জন্যই ক্রস প্লাটফর্ম ইন্টিগ্রেশন নিয়ে কাজ করছে বলে ধারণা প্রযুক্তি গবেষকদের।

এরই মধ্যে চীনের থ্রিসি সার্টিফিকেশন ডাটাবেজেও অপো প্যাডের নাম দেখা গেছে। এ তালিকা থেকে ট্যাবলেটটির ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থনের কথা নিশ্চিত হওয়া গেছে। এর আগে ট্যাবলেটটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২৫৬০X১৬০০ পিক্সেল রেজল্যুশনের ১১ ইঞ্চির একটি এলসিডি প্যানেল থাকার তথ্য সামনে এসেছে।

জানা গেছে, ট্যাবলেটটির সামনে ৮ মেগাপিক্সেল ও পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করা হয়েছে। ডিভাসটিকে শক্তি জোগাতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট এবং ৬ গিগাবাইটের এলপিডিডিআরফোর র‌্যাম।