গ্রাহকদের জন্য ফাইভজি কভারেজ উন্নত করার চেষ্টা চালাচ্ছে তাইওয়ান মোবাইল (টিডব্লিউএম)। কম্পিউটার উইকলির সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, ফাইভজি নেটওয়ার্ক বিস্তারে নকিয়ার সঙ্গে চুক্তিতে পৌঁছেছে তাইওয়ানভিত্তিক টেলিকম অপারেটরটি। খবর টেক টাইমস।

তাইওয়ানের সবচেয়ে পুরনো টেলিকম অপারেটরের একটি টিডব্লিউএম। ১৯৯৭ সালে যাত্রা করা কোম্পানিটির আওতায় রয়েছে মোবাইল, ই-কমার্স, ব্রডব্যান্ডসহ বিভিন্ন পরিষেবা।

প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে গ্রাহকদের সামনে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি উন্মুক্ত করার চেষ্টা করছে টিডব্লিউএম। এবার উন্নত ফাইভজি প্রযুক্তির জন্য নকিয়ার দ্বারস্থ হয়েছে তারা। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। দুই দশক ধরেই তাইওয়ান মোবাইলের গুরুত্বপূর্ণ অংশীদার ফিনল্যান্ডভিত্তিক টেলিকম জায়ান্টটি।