চলতি বছর যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া স্মার্টফোনের ৭০ শতাংশই হয় অ্যাপলের আইফোন কিংবা স্যামসাংয়ের কোনো ফোন। গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) উপাত্তে দেখা গেছে, প্রতি বছর অন্যান্য স্মার্টফোনের বাজার শেয়ার যেখানে কমছে, সেখানে বাড়ছে অ্যাপল ও স্যামসাংয়ের। কেন এ দুটি ব্র্যান্ডে আঠার মতো লেগে আছেন মার্কিনরা—প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিশ্বের আরো কয়েকটি দেশেও দুটি ব্র্যান্ডের আধিপত্য দেখা যায়। কিন্তু তৃতীয় ও চতুর্থ প্রতিদ্বন্দ্বীর তুলনায় এমন একচেটিয়া অবস্থান দেখা যায় না।
মুক্তবাজার অর্থনীতি ও কনজিউমারিজমের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত যুক্তরাষ্ট্র। নীতিগতভাবে যেকোনো পণ্যের অনেকগুলো অপশন পছন্দ করে তারা। গাড়ি শিল্প থেকে শুরু করে গ্রোসারি চেইন—সব জায়গাতেই অনেক প্রতিদ্বন্দ্বী কোম্পানির উপস্থিতি দেখা যায়। এতে করে পণ্য বা সেবার মানে উন্নতি হয় এবং গ্রাহকরা প্রতিদ্বন্দ্বিতামূলক দামে পণ্য ক্রয়ের সুযোগ পান।
স্যামসাং ও অ্যাপল চমত্কার ফোন বানায়, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু অন্য কোম্পানিগুলোও বানাচ্ছে। বিশ্বের অনেক দেশে এ দুটোর বাইরে অনেক কোম্পানি বেশ সমীহ জাগানিয়া অবস্থান করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের বেলায় তথৈবচ। বাজার বিশ্লেষকরা অবশ্য আরো কয়েকটি ক্ষেত্রে দুই বা তিনটি বড় কোম্পানির আধিপত্য দেখেছেন। যেমন র্যাজর বা ম্যাট্রেসের ক্ষেত্রে দুই বা তিনটি ব্র্যান্ড একচেটিয়া ব্যবসা করে আসছিল। কিন্তু ডলার শেভ ক্লাব, বেড-ইন-আ-বক্স এবং ক্যাসপারের মতো নতুন কোম্পানি এসে বাজারে হইচই ফেলে দিয়েছে। জিলেটের মতো কোম্পানি দীর্ঘদিন শেভিং সামগ্রীতে একচেটিয়া অবস্থান ধরে রেখেছিল। কিন্তু এখন বাজারে তার অনেক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে স্মার্টফোন ব্র্যান্ডে বৈচিত্র্য দেখা যাচ্ছে না।
বিশ্বব্যাপী ৮০ শতাংশ স্মার্টফোনে চলছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এর বাইরে অধিকাংশই অ্যাপলের। কিন্তু স্মার্টফোন বিক্রিতে যুক্তরাষ্ট্রে ফিফটি ফিফটি শেয়ার স্যামসাং ও অ্যাপলের। অ্যান্ড্রয়েড ফোনের সর্বোচ্চ বিক্রেতা কোম্পানিটি হচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং।
ব্রিটেন ও দক্ষিণ কোরিয়ার মতো দেশে যেখানে বেশির ভাগ মানুষের স্মার্টফোন রয়েছে, সেখানেও অ্যাপল ও স্যামসাংয়ের আধিপত্য। এর বাইরে বিশ্বের বেশির ভাগ দেশেই স্মার্টফোনের অনেক অপশন থাকে ক্রেতাদের সামনে। অ্যাপল ও স্যামসাংকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় শাওমি, অপো, রিয়েলমি কিংবা হুয়াওয়ের মতো চীনা ব্র্যান্ড।
যুক্তরাষ্ট্রে অ্যাপল ও স্যামসাংয়ের একচেটিয়া অবস্থানের পেছনে দুটি কারণ উল্লেখ করেন বিশ্লেষকরা।
প্রথমত, যুক্তরাষ্ট্রের বাজারে কোন ফোনগুলো জায়গা নেবে তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটিঅ্যান্ডটি ও ভেরাইজনের মতো ওয়্যারলেস প্রোভাইডাররা। তারা অ্যাপল ও স্যামসাং নিয়ে বেশ খুশি।
দ্বিতীয়ত, স্যামসাং ও অ্যাপলের বাইরে অন্য কোম্পানিগুলো তেমন জোর প্রয়াসও চালাচ্ছে না। হয়তো তারা মনে করছে, অ্যাপল ও স্যামসাংয়ের মতো জায়ান্টের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জায়গা করে নেয়া কঠিন।
যুক্তরাষ্ট্রে স্মার্টফোনের তিন-চতুর্থাংশই বিক্রি হচ্ছে ওয়্যারলেস ক্যারিয়ারদের হাত হয়ে। নতুন পণ্যের বিজ্ঞাপন ও বাজারজাতে সার্ভিস প্রোভাইডারদের বড় অংকের অর্থসহায়তা দেয় অ্যাপল ও স্যামসাং। মাঝে মাঝে পণ্য বিক্রিতে কমিশন দিয়ে থাকে এ কোম্পানিগুলো। ধরা যাক, ভেরাইজনের স্টোরে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন বিক্রিতে সেলস পারসনদের কমিশন দেয়া হচ্ছে। তখন সে কিন্তু ওই ফোনটিকেই সামনে রাখবে এবং গ্রাহকদের কাছে তার ফিচার উপস্থাপন করবে। এটা অবৈধ বা খারাপ কোনো চর্চা না হলেও এতে সুবিধা পায় প্রতিষ্ঠিত ব্র্যান্ড ও কোম্পানিগুলো। বিপরীতে কোণঠাসা হয়ে পড়ে নবীন ব্র্যান্ডগুলো। আবার অপরিচিত ব্র্যান্ড থেকে ফোন ক্রয়ে অনিরাপদ বোধ করে মার্কিনরা। আবার তার গ্রাহকসেবা ও যন্ত্রাংশ পাওয়া যাবে কিনা এ নিয়ে সন্দিহান থাকে অনেকে। এজন্য পুরনো ব্র্যান্ডে আস্থা রাখেন তারা। ইউরোপসহ এশিয়া ও আফ্রিকায় শক্তিশালী অবস্থানে থাকা চীনা ব্র্যান্ডগুলো বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রে সুবিধা করতে পারছে না। গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনা স্মার্টফোন কোম্পানিগুলো বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি রয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্রের বাজারে অনেকটা অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে অ্যাপল ও স্যামসাং। নিকট ভবিষ্যতে এ স্ট্যাটাস ক্যুতে কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা।
—দ্য নিউইয়র্ক টাইমস অবলম্বনে










