শিক্ষা খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনার অংশ হিসেবে ক্রোম অপারেটিং সিস্টেমে ক্লাসরুমের জন্য নতুন ফিচার যুক্ত করেছে গুগল। প্রথমে স্ক্রিনকাস্ট চালুর পর এবার শিক্ষকদের জন্য সহজে বিভিন্ন কোর্সের ভিডিও রেকর্ডিং সুবিধা যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট।

শিক্ষার্থীরা যদি ভুলবশত কোনো ক্লাসে যোগদান করতে না পারে কিংবা কোনো অ্যাসাইনমেন্ট সম্পাদনে সাহায্যের প্রয়োজন হলে শিক্ষকদের তৈরি ভিডিও লাইব্রেরি থেকে সে বিষয়ে জ্ঞানার্জন করতে পারবে। ক্রোম অপারেটিং সিস্টেমের এ১০৩ ভার্সনে ফিচারটি চালু করা হয়েছে। সফটওয়্যারে ভিডিও এডিটের পাশাপাশি ক্লিপের ধারাভাষ্য দেয়ার টুলসও রয়েছে।

বিবৃতিতে গুগল জানায়, শিক্ষার্থীরা ভিডিও প্রতিবেদন ও বিভিন্ন বিষয়ে তাদের উদ্ভাবনী চিন্তার কথা সহপাঠীদের জানাতে অ্যাপটি ব্যবহার করতে পারবে। পাশাপাশি স্ক্রিনকাস্টে স্টাইলাস ইনপুট ফিচার দেয়া হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থী উভয়েই তাদের ভিডিওর ওপর যেকোনো বিষয়ে লিখতে পারবে। গুগল ড্রাইভের মাধ্যমে এসব ভিডিও শেয়ার করা যাবে। ফলে শিক্ষার্থীরা বাসা বা স্কুলে যেকোনো জায়গা থেকে কনটেন্টগুলো দেখতে পারবে। ভিডিও রেকর্ডিংয়ের পাশাপাশি গুগল সম্প্রতি ক্লাসরুমে অনস্ক্রিন প্রেজেন্টেশনের পাশাপাশি যেসব কনটেন্ট শেয়ার করেন, সেগুলোর ওপর নিয়ন্ত্রণ বাড়াতে কাস্ট মডারেটর মোড চালু করেছে। একটি অ্যাকসেস কোড ব্যবহারের মাধ্যমে শিক্ষকরা বিরক্তিকর স্ক্রিনকাস্ট বন্ধ করতে পারবেন। ফিচারটি সবার জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্তের আগে চলতি গ্রীষ্মে নির্ধারিত কিছু স্কুলে এর পরীক্ষা চালাবে।