বর্তমানে সংবাদমাধ্যমের অন্যতম আলোচ্য বিষয় অ্যাপলের মিক্সড রিয়েলিটি হেডসেট। অনেক আলোচনা, গুঞ্জন শেষে নতুন ডিভাইসটি উন্মোচনের সময় জানা গেছে। চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া ‘‌ওয়ার্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) হেডসেটটি উন্মোচন করবে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। খবর গিজচায়না। 

নির্ভরযোগ্য অ্যাপল বিশ্লেষক ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যানের লেখায় এ তথ্য উঠে এসেছে। তবে এখনো শঙ্কা পুরোপুরি কাটছে না। কেননা ২০১৫ সাল থেকে এ ডিভাইস উন্মোচনের তারিখ পরিবর্তিত হয়েই যাচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, একাধিকবার পেছানোর পর সম্প্রতি বসন্তে ডিভাইসটি প্রকাশ্যে আনার লক্ষ্য নির্ধারণ করেছে অ্যাপল। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটির পক্ষ থেকে এখনো ডব্লিউডব্লিউডিসি আয়োজনের তারিখ ঘোষণা করা হয়নি। সাধারণত জুন মাসের শুরুতে এ আয়োজন হয়ে থাকে।

দ্য ভার্জ প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ডিভাইসের হার্ডওয়্যার ও সফটওয়্যারজনিত সমস্যার কারণে হেডসেটটি প্রকাশ্যে আনতে বার বার সময় পেছাচ্ছে প্রযুক্তি জায়ান্টটি।

অ্যাপলের সাবেক হার্ডওয়্যার প্রধান ও ২০২১ সালে কোম্পানির এআর/ভিআর প্রকল্পের দায়িত্ব নেয়া ড্যান রিকি এ প্রকল্পে ক্রমাগত জড়িয়েছেন বলে দাবি গুরম্যানের। এ প্রসঙ্গে অ্যাপলের মন্তব্য জানতে চাওয়া হলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। হেডসেটটির সম্ভাব্য নাম রিয়েলিটি প্রো। অনুমান বলছে, এটি অত্যন্ত শক্তিশালী একটি ডিভাইস হতে যাচ্ছে। এতে হ্যান্ড ট্র্যাকিং ফিচার, ফেসটাইমে কথা বলা ব্যক্তিকে বাস্তবসম্মত উপায়ে রেন্ডারিংয়ের সক্ষমতার পাশাপাশি এক ধরনের ডিজিটাল চাবি থাকবে বলে জানা গেছে। যার মাধ্যমে ভিআরের বাইরে থেকেও ব্যবহারকারীরা বিভিন্ন বিষয় পরিবর্তনের সুবিধা পাবে।

উন্নত এসব প্রযুক্তি ব্যবহারে গ্রাহকের বেশি ব্যয় হতে পারে বলে আশঙ্কা করছেন গারম্যান। তিনি বলেন, হেডসেটের দাম প্রায় ৩ হাজার ডলার রাখার পরিকল্পনা করেছে অ্যাপল। ভার্জের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর আকারে তুলনামূলক বড় ম্যাকবুক এয়ার, নতুন ম্যাকবুক প্রোসহ আইফোনের জন্য আপডেট আনতে কাজ করছে অ্যাপল। তবে গুর‍ম্যানের তথ্যানুযায়ী, অ্যাপল ওয়াচ, এয়ারপড বা আইপ্যাডে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নাও আসতে পারে। যেহেতু অ্যাপলের পক্ষ থেকে এখনো সেভাবে কিছু জানানো হয়নি তাই গ্রাহকদের আরো কিছু সময় অপেক্ষার কথাও জানিয়েছেন গুরম্যান।