বেইজিং ও প্রধান উপকূলীয় কেন্দ্রগুলোর ডাটা চাহিদা মেটাতে চীনের উত্তর ও পশ্চিমে ডাটা সেন্টারের চারটি মেগা ক্লাস্টার তৈরির পরিকল্পনা অনুমোদন করেছে দেশটির সরকার। সম্প্রতি দেশটির শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর রয়টার্স।

চারটি পৃথক বিবৃতিতে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন জানায়, উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়া অঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চলীয় নিংজিয়া অঞ্চল, গানসু প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝো প্রদেশে এসব ক্লাস্টার তৈরি করা হবে। রাষ্ট্রীয় পরিকল্পনাকারী জানান, চারটি অঞ্চল সবুজ ও কম কার্বন নিঃসরণকারী মেগা ডাটা সেন্টার স্থাপনে তাদের শক্তি ও পরিবেশগত সুবিধা ব্যবহার করতে পারবে। চীনের পূর্বাঞ্চলে অবস্থিত ডাটা সেন্টারগুলো অধিক বিদ্যুৎ ব্যবহার করে। সম্প্রতি অঞ্চলটির স্থানীয় সরকার বিদ্যুৎ ব্যবহার কমাতে বিধিনিষেধ আরোপ করেছে। এতে বিদ্যমান ডাটা সেন্টারগুলোর সম্প্রসারণ বাধাগ্রস্ত হয়।