ভিডিওর পেছনের অংশ ঘোলা বা ব্লার করতে নিজস্ব টুলের উন্নয়নে কাজ করছে গুগল। ম্যাগ্রিট নামের টুলটি শিগগিরই বিনামূল্যে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। খবর টেকটাইমস।

এনগ্যাজেটের তথ্যানুযায়ী, ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা জোরদারে গুগলের নতুন দুটি প্রযুক্তির মধ্যে ভিডিও ঘোলা করার টুল একটি। শিগগিরই উন্মুক্ত সোর্সের মাধ্যমে টুলটি ব্যবহারকারীদের জন্য চালু করবে গুগল। এক বিবৃতিতে গুগল জানায়, প্রটেক্টেড কম্পিউটিং প্রোগ্রামের অংশ হিসেবে নতুন সুবিধা চালু করা হচ্ছে। মূলত গ্রাহকদের তথ্যের সুরক্ষা নিশ্চিতে এবং প্রক্রিয়াকরণ পদ্ধতি পরিবর্তনে এটি আনা হচ্ছে।

হোয়াইট হাউজের মতে, প্রাইভেসি এনহ্যান্সিং টেকনোলজির (পিইটি বা পেট) মাধ্যমে গবেষক, চিকিৎসকসহ অন্যরা তথ্য যাচাই করা ছাড়াই সংবেদনশীল তথ্যে প্রবেশ করতে পারবে। তবে গবেষকদের কাছ থেকে তথ্য আড়াল রেখে সেগুলো পর্যালোচনা করার সক্ষমতাই পিইটির প্রধান শক্তি। এ ধরনের প্রযুক্তিগুলো নতুন করে দলবদ্ধভাবে কাজের পরিবেশ তৈরি করবে এবং গ্রাহকদের ব্যক্তিগত তথ্য পরিচালনায় আরো সতর্ক হবে।

পিইটি প্রকল্পের প্রথমটি হচ্ছে ম্যাগ্রিট। বর্তমানে গিটহাবে এটি প্রচলিত রয়েছে। ম্যাগ্রিট মূলত মেশিন লার্নিংয়ের মাধ্যমে কোনো বস্তু শনাক্ত করে এবং সেগুলো ডিসপ্লে বা স্ক্রিনে আসার সঙ্গে সঙ্গে ঘোলা করে দেয়। ম্যাগ্রিটের পাশাপাশি গুগল এফএইচই সি++ ট্রান্সপাইলার নামে আরেকটি ওপেন সোর্স টুলও চালু করেছে। ম্যাগ্রিটের পাশাপাশি গুগলের ফুললি হোমোমরফিক এনক্রিপশন (এফএইচই) ট্রান্সপাইলার রয়েছে। এর মাধ্যমে ডেভেলপাররা এনক্রিপ্টেড তথ্যে প্রবেশ না করে কম্পিউটেশনের কাজ করতে পারেন।