ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানা প্রতিষ্ঠান মেটাকে ২৬ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করেছে আয়ারল্যান্ডের ডাটা প্রটেকশন কমিশন (ডিপিসি)। মূলত ফেসবুকের কয়েক লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ হওয়ার কারণে এ জরিমানা করা হয়েছে। খবর বিবিসি।

এক অনলাইন হ্যাকিং ফোরামে ৫৩ কোটি ৩০ লাখ ব্যবহারকারীর ফোন নাম্বার ও ই-মেইল ঠিকানা ফাঁস হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ২০২১ সালের এপ্রিলে ডিপিসি একটি তদন্ত শুরু করে। সে সময় ফাঁসকৃত তথ্যের বিষয়ে ফেসবুক জানায়, যেসব তথ্য ফাঁস হয়েছে, সেগুলোর মধ্যে বেশকিছু কয়েক বছর আগে অনলাইনে চলে এসেছে। ২০১৯ সালের সেপ্টেম্বরে টুলের ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা এসব তথ্য স্ক্র্যাপ করেছিল। সেগুলো হ্যাক হয়নি।

স্ক্র্যাপিংয়ের জন্য স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার করা হয়। যেটি ইন্টারনেট থেকে সাধারণ মানুষের তথ্য সংগ্রহ করে এবং সবশেষে অনলাইন ফোরামে ছড়িয়ে দেয়। ডিপিসি দেখতে পায়, মেটা জেনারেল ডাটা প্রটেকশন রেগুলেশনের ২৫ নম্বর অনুচ্ছেদ বা বিধান ভঙ্গ করেছে।

ডাটা প্রটেকশন কমিশনার হেলেন ডিক্সন বলেন, এ ঘটনায় যে পরিমাণ তথ্য চুরি হয়েছে তা অনেক বেশি। সেই সঙ্গে প্লাটফর্মটিতে এর আগেও তথ্য স্ক্র্যাপিংয়ের ঘটনা ঘটেছে। প্লাটফর্মটির উচিত ছিল নির্ধারিত সময়ে মধ্যে এসব ঘটনার বিষয়ে জানানো। তাই আমরা এখন শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি।