মেসেজ ডিলিট বা মুছে ফেলার ক্ষেত্রে সবচেয়ে ভালো পরিষেবা দিচ্ছে হোয়াটসঅ্যাপ। অনাকাঙ্ক্ষিত বা ভুল কিছু পাঠানোর পর সেটি সহজেই মুছে ফেলা যায়। তবে ভুল করে কোনো মেসেজ ডিলিট করে ফেললে সেটি পুনরুদ্ধারে আনডু বাটন যুক্ত করতে যাচ্ছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি। খবর গ্যাজেটস নাউ।

ব্যক্তি থেকে গ্রুপ সব জায়গাতেই মেসেজ ডিলিট করার সুবিধা দেয় হোয়াটসঅ্যাপ। সাম্প্রতিক বছরগুলোয় এটি হোয়াটসঅ্যাপের অন্যতম একটি ফিচার। ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, মেটা মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্মটি ডিলিট করে দেয়া মেসেজ পুনরুদ্ধারে আনডু নামের বাটন চালু করতে কাজ করছে।

বর্তমানে ফিচারটি প্রাথমিক পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ফলে অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা ব্যবহারকারীদের মধ্যে কয়েকজন ফিচারটি ব্যবহার করতে পারছেন। অ্যান্ড্রয়েড বেটার হালনাগাদ ভার্সনে এটি চালু করা হবে। যেখানে ব্যবহারকারীরা স্ক্রিনের নিচের দিকে আনডু বাটন দেখতে পারবেন। যখন কোনো ব্যবহারকারী সবার জন্য কোনো মেসেজ ডিলিট করার অপশন ক্লিক করবেন, তখনই এটি দেখা যাবে।

হোয়াটসঅ্যাপ ফর অ্যান্ড্রয়েড বেটা ভার্সনের কিছু ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হলেও আইওএস, ডেস্কটপসহ অন্য প্লাটফর্মের ব্যবহারকারীদের জন্য এটি কবে উন্মুক্ত করা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি ফিচারটি কবে নাগাদ স্ট্যাবল ভার্সনে আনা হবে বা সবার জন্য চালু করা হবে, সেটিও জানা যায়নি। কেননা পরীক্ষাধীন অবস্থায় কোনো ফিচার যদি আশানুরূপ ফল না দেখাতে পারে তাহলে সেটি বাদ দেয়া হয়।