আইমেসেজকে ভয়েস নোটে পরিবর্তন করে অডিও হিসেবে চালানোর জন্য নতুন প্যাটেন্ট আবেদন করেছে অ্যাপল। এটি কার্যকর হলে সেন্ডারের আসল কণ্ঠস্বরের স্যাম্পল থেকে কাস্টম ভয়েস মোডে সেগুলো চালানো হবে। খবর টেকটাইমস।
অ্যাপল ইনসাইডারের তথ্যানুযায়ী, সম্প্রতি দাখিল করা প্যাটেন্ট আবেদনে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট এ প্রযুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে। অ্যাপলের গ্রাহকরা এরই মধ্যে আইমেসেজ বা সিরির মাধ্যমে অডিও মেসেজ পাঠাতে পারে। তবে নতুন এ প্রযুক্তির প্যাটেন্ট বলছে এর মাধ্যমে সিরির ভয়েস ফাইলের পরিবর্তে যে মেসেজ পাঠাবে তার কণ্ঠস্বর ব্যবহার করে মেসেজ পড়ে শোনানো হবে।
কিয়ং হি, জিয়াংচুয়ান লি ও ডেভিড এ উইনারস্কি প্রথম এ ধারণা নিয়ে আসেন। যা পরবর্তী সময়ে প্যাটেন্ট আবেদনের বিষয় হয়ে ওঠে। জিয়াংচুয়ান লি অ্যাপলে সিনিয়র সিরি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। অন্যদিকে হু অ্যাপলের সাবেক কর্মী। তিনিও সিরিতে কাজ করেছেন। উইনারস্কি টেক্সট-টু স্পিচ প্রযুক্তি পরিচালক।










