কম্পিউটার ও ল্যাপটপের চিপ উৎপাদন খাতে আগামী দুই সপ্তাহের জন্য নিয়োগ কার্যক্রম শিথিল করেছে ইন্টেল। মূলত উৎপাদন ব্যয় কমাতেই এ উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। এ-সংক্রান্ত এক মেমো থেকে এ তথ্য পাওয়া গেছে। খবর রয়টার্স।

মেমোতে উল্লেখ করা হয়, সাময়িক সময়ের জন্য ইন্টেল তাদের ক্লায়েন্ট কম্পিউটিং গ্রুপের সব নিয়োগ কার্যক্রম বন্ধের পাশাপাশি রিকুইজিশনও স্থগিত করে দিচ্ছে। চাহিদা ও প্রয়োজনীয়তার বিষয়টি পুনর্বিবেচনার পর এবং বর্তমানে যেসব নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে, সেগুলো সম্পন্নের দুই সপ্তাহ পর পুনরায় নিয়োগ স্বাভাবিক হতে পারে।

এক বিবৃতিতে ইন্টেল জানায়, আমাদের ধারণা বর্তমানে আমরা সেমিকন্ডাক্টর শিল্পের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির সামনে রয়েছি এবং আমাদের পরিকল্পনাও চূড়ান্ত। আমাদের উৎপাদন ব্যয় কমানোর বিষয়ে অধিক মনোনিবেশ সামষ্টিকভাবে অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবেলায় সহায়তা করবে। সেই সঙ্গে আমাদের গ্রাহক, শেয়ারহোল্ডার ও কর্মীদের কাছে আমরা যে অঙ্গীকার করেছি তা যথার্থভাবে পূরণে সক্ষম হব।

গত বছর ইন্টেলের বাজার হিস্যা ২৮ শতাংশ কমে যায়। এরপর প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের কম মুনাফার লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়ে জানায়। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে অত্যধিক ব্যয়ের কারণে প্রতিষ্ঠানটি এ লোকসানের মুখে পড়েছে। কেননা উৎপাদন প্রযুক্তির দিক থেকে তাইওয়ানের প্রতিষ্ঠানটি ইন্টেলকে ছাড়িয়ে গেছে। একসময় বাজারের শীর্ষে থাকলেও অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) সঙ্গে তুমুল প্রতিযোগিতার মুখে পড়ে ইন্টেলের ডেস্কটপ ও ল্যাপটপ চিপ খাত। অন্যদিকে নিজস্ব চিপ ব্যবহার শুরুর পর অন্যতম গ্রাহক হিসেবে অ্যাপলকে হারিয়েছে প্রতিষ্ঠানটি।

ব্যয় কমানোর অংশ হিসেবে মেমোতে চিপ উৎপাদন গ্রুপের ভ্রমণসংক্রান্ত কার্যক্রমের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি সশরীরে কোনো সম্মেলনে অংশগ্রহণের পরিবর্তে যথাসম্ভব ভার্চুয়ালি আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছে।