কমিউনিটি নামে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। ওয়াবেটাইনফোর প্রতিবেদন অনুযায়ী, কমিউনিটি এমন একটি জায়গা হিসেবে আসবে যেখানে গ্রুপ অ্যাডমিনরা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে আরো নিয়ন্ত্রণক্ষমতা পাবেন। খবর টাইমস অব ইন্ডিয়া।

হোয়াটসঅ্যাপ বেটার ২.২১.২১.৬ ভার্সনে এ ফিচারের সন্ধান পাওয়া গেছে। কমিউনিটি ফিচারটি মূলত একটি গ্রুপ চ্যাট প্লাটফর্ম। এটি ব্যবহারকারীদের মধ্যে এন্ডটুএন্ড এনক্রিপশন সুবিধার মাধ্যমে প্রাইভেট স্পেস প্রদান করবে। গ্রুপ চ্যাটগুলোতে অ্যাডমিনরা মেসেজ দিতে পারবেন।

নতুন ফিচারের মাধ্যমে অ্যাডমিনরা গ্রুপ পরিচালনায় আরো সুবিধা পাবেন। অ্যাডমিনরা কমিউনিটি ইনভাইট লিংক পাঠানোর মাধ্যমে নতুন ব্যবহারকারীদের কমিউনিটিতে যুক্ত হওয়ার ব্যবস্থা করতে পারবেন। প্রাইভেটলি বা পাবলিকলি দুই ভাবেই লিংক শেয়ার করা যাবে।

যখন কোনো ব্যবহারকারী কমিউনিটিতে যুক্ত হবেন তখন তারা শুধু ওই গ্রুপেই থাকবেন। অন্য কোনো কমিউনিটিতে প্রবেশ করতে পারবেন না বা কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। নতুন ফিচারের বিষয়ে আর কোনো তথ্য জানা যায়নি। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের হোয়াটসঅ্যাপ বেটা ভার্সনের জন্য কমিউনিটি ফিচারের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলে সূত্রে জানা গেছে।